রবিবার, ৪ আগস্ট, ২০১৩

স্মার্ট ফোন কি আসলেই দরকার

স্মার্টফোন নিয়ে আগ্রহ আছে, কিন্তু অতগুলো টাকা খরচের আগে ভালভাবে জেনে নেয়া দরকার, তাই প্রায়ই বিভিন্ন ফোনের রিভিউ পড়ি। রিভিউগুলোতে টেকনিক্যাল দিকগুলো বেশ বিস্তারিত তুলে ধরা হয়। তবে সেই তথ্যগুলো আমার সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারেন না -- কারণ আমার নিজের আসলে কতটুকু এই অতিরিক্ত স্মার্ট-চাহিদাগুলো আছে (চাহিদা = যার জন্য খরচ করা যায়, অর্থনীতির ভাষায়) তা ঠিকমত বুঝতে পারিনা। তাই ভাবলাম লিখে ফেলি -- বুঝতে সুবিধা হবে এতে। এখানে লিখিত পুরা বক্তব্যই ব্যক্তিগত অভিমত, যা সকলের জন্য সত্য হবে এমন কোনো কথা নাই।

‍১।
প্রথমবার যখন বসুন্ধরা সিটি শপিংএর নিচের লাউঞ্জে সুবেশী তরুণ তরুণীরা স্যামসাং গ্যালাক্সি নোট-২ ডিসপ্লে করছিলো তখন এর ৬২হাজার টাকা দাম দেখে ভীমড়ি খেয়েছিলাম। তখন টিভিতেও এটার একটা বিজ্ঞাপন দেখাতো। একজন লোক এই ফোনের মধ্যে একটা টাওয়ারের ছবি/স্কেচ এঁকে ফেললো। পরবর্তীতে স্মার্টফোনের আরো অনেক বিজ্ঞাপন দেখেছি -- একজনের বার্থডে, বন্ধু ছবি তুললো। আরেকজন আরেকটা ছবি তুলে এডিট করে মাথায় কি জানি একটা বসিয়ে দিলো -- হৈ হুল্লোড়। আমি জানি যে শখের দাম লাখ টাকা, কিন্তু তাই বলে ছবি তুলে হৈ-হুল্লোড় করার জন্য এ্যাত টাকা! অনেক পরিবারের একমাসের খরচের চেয়ে বেশি, একটা মোটামুটি ভাল মানের ল্যাপটপের চেয়ে বেশি। আমি খেটে খাওয়া মানুষ। প্রতিটা টাকা ইনকাম করতে যথেষ্ট পরিশ্রম করতে হয় -- এটা অবশ্য অনেকের জন্যই সত্য। তবে বিজ্ঞাপনে দেখানো ছবি তুলে যাঁরা এডিট করে হৈ-হুল্লোড় করে ওরা নির্ঘাৎ নিজেরা ইনকাম করে না -- এই রকম একটা বয়স শ্রেণীকেই দেখিয়েছে।

২। দাম:
একটা ল্যাপটপ কিনেছিলাম। দাম প্রায় এই ফোনের সমানই। এটা দিয়ে কাজ করে এক বছরের মধ্যেই আমার রেগুলার ইনকামের বাইরে এর দাম উশুল করা ইনকাম যোগ করতে পেরেছি। কিন্তু আমার মাথায় কোনক্রমেই আসছে না যে এই ফোন দিয়ে কিভাবে সেইরকম প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব। হ্যাঁ আমার ইমিডিয়েট ছোটভাইয়ের একটা এই জিনিষ আছে (পরবর্তীতে দাম কমার পর কেনা) সেটা তাঁর অনেক কাজেও লাগে -- কারণ তাঁকে সবসময় অফিসিয়াল কারণেই অনলাইন কাজের সুপারভাইজার হিসেবে কানেক্টেড থাকতে হত; মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় যায়, তাই জিপিএসটাও প্রায়ই কাজে লাগে। এখন স্মার্টফোনের দাম আরও কমে এসেছে - যাকে বলে একেবারে নাগালের মধ্যে। এমনকি নামী মেকারের বেশি দামীগুলোও শূণ্য সুদের ১২ কিস্তিতে কেনা যায় -- অর্থাৎ পকেটে এই মুহুর্তে টাকা না থাকলেও সমস্যা নাই। এইতো সেদিন দোকানে লেটেস্ট গ্যালাক্সি এস ৪ মিনি দেখলাম ৪২,৫০০ টাকা - যা ক্রেডিট কার্ডে ১২ কিস্তিতে কেনা যায়।

৩। মাল্টিমিডিয়া:
এবার আসি মাল্টিমিডিয়া ব্যাপারে। স্মার্ট ফোটগুলোতে মাল্টিমিডিয়া সাপোর্ট যেমন গান, রেডিও শোনা, মুভি দেখা যায় বলে জানি। ব্যক্তিগত ভাবে আমার গান বা রেডিও শোনা অথবা সিনেমা দেখার তেমন কোনো শখ বা অভ্যাস নাই। আমার কোনো এমপিথ্রি প্লেয়ার নাই, কম্পুতে তেমন গান নাই (পাইরেসী এভয়ড করার জন্য), মুভি দেখার টাইম নাই। তার মানে এই না যে এগুলো কী জিনিষ আমি জানি না। এক সময় ওয়াকম্যান, ডিস্কম্যান (জাপান থেকে সবচেয়ে ভাল কোয়ালিটিরটা কিনেছিলাম) বিস্তর চালিয়ে শরীর মনে উত্তেজনা সৃষ্টিকারী সেই বিষয়ের হরমোনগুলো শেষ। রাস্তায় চলার সময়তো কখনই কানে ওয়াকম্যান দিতাম না -- কারণ চারপাশের শব্দগুলোই আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে সর্বদা। মুভি রেন্টালে ১০০০ ইয়েনে ১ সপ্তাহের জন্য ৫ মুভি করে নিয়ে আসতাম; এমনও সময় গেছে রিলিজের পর পরই অনেক বেশি খরচে লর্ড অব দ্যা রিং-এর তিন পর্ব ১ রাতে দেখে ফেরত দিতে হয়েছিলো; বছরে চারবার করে দেশে আসার সময়ে ফ্লাইটগুলো আর লম্বা ট্রানজিট মুভি দেখেই কাটতো। তবে কোনক্রমেই সেগুলো দেখার হার এখনকার পাইরেসি করে নামানো মুভিফ্রিকদের মত ছিল না। ইদানিং হয়তো বছরে গড়ে ১২টা মুভি দেখা হয় -- যার অর্ধেক সিনেপ্লেক্সে আর অর্ধেক মুভি চ্যানেলে। কম্পিউটারে মুভি দেখাটা আমি চরম অপছন্দ করি, কারণ এই যন্ত্রটা আমার কাজের জিনিষ - বিনোদনের জিনিষ নয়। তবে কম্পিউটারে অকাজ খুব একটা কম করি তা নয় -- যেমন এই লেখাটাও কম্পিউটারে বসেই লেখা। মোদ্দা কথা হল একেই মুভি দেখার মত সেরকম নিরবিচ্ছিন্ন অবসর থাকে না, আরেকদিকে আমি কম্পিউটার কিংবা এর চেয়েও ছোট স্ক্রিনে মুভি দেখি না, দেখবো বলেও মনে হয় না - আর এ্যাত মুভি পাব কোথায় (লিগাল)। তাই স্মার্ট ফোনের এই ফীচারটা খুব একটা কাজে লাগবে না। আবার দেখা যাবে, এখানে হয়তো কার্টুন চালিয়ে কাজের সময়ে কন্যা এটা বেদখল করে রেখেছে!

৪। গেমস:
গেমসের কথা মনে পড়লে দীর্ঘশ্বাস পড়ে। রাতের পর রাত গেম খেলে নির্ঘুম কাটিয়ে পরদিন ক্লাসে গিয়ে ঢুলেছি, আর এখন -- গেম খেলার সময় বের করা ... ... অসম্ভব! আমার ধারণা স্মার্ট ফোনের গেমগুলোই একটা জেনারেশনের কাছে এটাকে জনপ্রিয় করেছে। আমার একেবারে ছোট সহোদর, ১১ বছরের ছোট -- যে কিনা একটা বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগীয় প্রধান - গেম খেলার জন্য তার আর তার বেস্ট হাফের আলাদা মেশিন!! হুমম -- ঐ বয়সে আমিও খেলেছি। গেমের সেই পর্বগুলো পার হয়ে আসা আমার মত আধবুড়ার জন্য যেটা খুব একটা আকর্ষনীয় না।

৫। ক্যামেরা:
হ্যাঁ স্মার্ট ফোনের এই জিনিষটা আমি মিস করি প্রায়ই। পেশাগত কারণেই বিভিন্ন মূহুর্তের ছবি বা ভিডিও ক্লিপ তুলতে ইচ্ছা হয় - যা পরবর্তীতে প্রেজেন্টেশন তৈরীতে কাজে লাগবে। কিন্তু পকেটে ফোন, থুক্কু, ক্যামেরা না থাকায় সেটা হয় না। কিংবা হঠাৎ দেখা একটা তথ্যও ছবি তুলে সংরক্ষণ করা যায়। তবে এখানেও কিন্তু আছে -- ক্যামেরার ছবি আর ফোনের ছবিতে বেশ পার্থক্য আছে, বিশেষত কম আলোতে। আমার বেশি পিক্সেল দরকার নাই -- কারণ আমার মনিটর কিংবা প্রেজেন্টেশনে অত রেজুলুশনের ডিসপ্লে থাকে না --- কিন্তু স্পষ্ট ছবির দরকার আছে। যেমন এই মূহুর্তে আমার ল্যাপটপের ডিসপ্লে ১২৮০x৮০০=১০২৪০০০ পিক্সেল অর্থাৎ মাত্র ১.০২ মেগাপিক্সেল। এর চেয়ে বড় ছবি তুললে সেটাকে আসলে এই রেজুলুশনে কমিয়ে নিয়েই দেখতে হবে। আমার পুরাতন ক্যানন পাওয়ার শট দিয়ে যা তোলা যেত সেটাই যথেষ্ট। এখন ছবি তোলার জন্য ক্যামেরা, ফোনের চেয়ে ভাল অপশন বলে মনে হয়। ঐ টাকা দিয়ে একটা মোটামুটি ভাল ক্যামেরা কেনা যায়, তবে সেই ক্যামেরাটা ফোনের মত সবসময় পকেটে থাকবে না -- এটা ফোনের পক্ষে একটা ভাল পয়েন্ট।

৬। জিপিএস:
স্মার্ট ফোন কেনার ঝোঁকটা উঠেছিলো মূলত এর জিপিএস সুবিধার জন্য। পেশাগত কারণে মাঝে মাঝেই আমাকে জিপিএস (GIS সম্পর্কিত) ব্যবহার করতে হয়। এটা না থাকার কারণে সার্ভেয়ার অন্য কারো সাহায্য ছাড়া বেশ কিছু কাজ করতে পারি না। বিসিএস কম্পিউটার সিটিতে খোঁজ নিয়ে জেনেছি একটা হ্যান্ডহেল্ড জিপিএস মেশিনের দাম ১৩ হাজার টাকার মত। কিন্তু স্মার্ট ফোনের জিপিএসে একই সাথে গুগল আর্থ আর ম্যাপের সুবিধা আছে যা গারমিনের (Garmin) হ্যান্ডহেল্ড জিপিএস মেশিনে নাই। অনেকবার ভেবেছি একটা জিপিএস মেশিনের বিকল্প হিসেবে কমদামের একটা অ্যানড্রয়েড কিনে রাখবো কিন্তু একটু খোঁজ খবর নিয়ে জেনেছি ১৩ হাজারের জিপিএস মেশিনের বদলে কম (৬-১০ হাজার) বা কাছাকাছি দামের স্মার্ট ফোনের জিপিএসগুলো বছরখানেকের বেশি কাজ করে না। তবে, আমার ছোট ভাইয়ের ফোনটার বয়স হচ্ছে -- ও নিয়মিত জিপিএস ব্যবহার করে; এখন পর্যন্ত ওটার পারফর্মেন্স ভাল (দামও অবশ্য সেইরকম)।

৭। অ্যাপস, সার্ভে, অটোক্যাড:
এই অ্যাপসগুলো বেশ কাজের জিনিষ হয়ে উঠে মাঝে মাঝে। একটা অ্যাপ আছে যা দিয়ে কোন বস্তুর দুরত্ব আর উচ্চতা মাপা যায়। এটা আসলে সিম্পল ত্রিকোনমিতি ব্যবহার করে, আর এর সঠিকতা ব্যবহারকারীর দক্ষতার উপর নির্ভর করে। এই জিনিষ মাঝে মাঝে কারো কাজে লাগবে নিশ্চিত ভাবেই। আরেকটা অ্যাপ আছে যেটা দিয়ে অটোক্যাডের ফাইল খুলে এডিট করা যায়। যারা ফিল্ডে কাজ করেন তাঁদের জন্য এটা একটা কাজের অ্যাপ নিঃসন্দেহে। আমার অটোক্যাডের মত দামী সফটওয়্যার ব্যবহারের সামর্থ নাই (প্রায় ৪০০০ ইউএস ডলার দাম) - কাজেই এটা কাজে লাগবে বলে মনে হয় না।

৮। কানেক্টিভিটি:
ইন্টারনেট ইউটিলিটিগুলো তথা আরেক লেভেলের কানেক্টিভিটি স্মার্টফোনগুলোকে অনেকের জন্যই আবশ্যম্ভাবী বস্তুতে পরিণত করেছে। গাড়িতে জ্যামে বসে থাকার সময় পেপার, ফেসবুক, ইমেইল পড়া, ইমেইল বা মেসেজ আসা মাত্র নোটিফিকেশন পাওয়া ইত্যাদি খুব ব্যস্ত মানুষের সময়ের আরো দক্ষ ব্যবহারে সহায়তা করে। ব্যক্তিগত ভাবে নিজেকে অ্যাত ব্যস্ত মনে করি না, আর সাথে সাথে জবাব না দিলে ব্যবসা ছুটে যাবে -- এমন কোনো কাজও আমি করি না; আর সত্যিকথা বলতে কি, কয়েকদিন পেপার না পড়লেও আমার কিছু এসে যায় না। ফেসবুক, ইমেইল দিনে একবার চেক করাই যথেষ্ট -- তারপরেও রাস্তার বা যাত্রাপথটুকু বাদ দিলে বাসা এবং অফিসে সর্বদাই নেট কানেক্টেড থাকি। তাই আলাদা করে কানেক্টিভিটি আমার কাছে কতটুকু কাজে আসবে সেই বিষয়ে সন্দিহান।

কেউ মনে করতে পারেন কানেক্টিভিটি বাড়লে খারাপ কী? ব্যাপার হল, এর জন্য খরচের ব্যাপার জড়িত। সাধারণ ফোনের খরচের পাশাপাশি এখন আবার নেটের বিল দেয়া লাগবে। এজন্য নিশ্চয়ই বাসার মডেম ফেলে দেয়া যাবে না -- ওটার খরচও থাকবে। আমাকে একজন বুদ্ধি দিল যে নেট নেয়ার দরকার নাই, বাসা আর অফিসে ওয়াইফাই থাকলে সেখানে এটা ব্যবহার করা যাবে ফ্রী। আরে বাবা, বাসা আর অফিসে তো নেট আছেই! বরং আবার ওয়াই ফাই রাউটার কিনতে হবে বাসার জন্য!

যা হোক, গতকাল নেটে একটা মজার আর্টিকেল পড়লাম। সেখানে একজন লোক তার আইফোন দূর্ঘটনাবশতঃ ভেঙ্গে যাওয়ার পর ভাবলো এক মাস সাধারণ প্রস্তর যুগের ফোন ব্যবহার করে দেখি তো কেমন লাগে! ঐ লোক সেই স্মার্টফোনের শুরু থেকেই মডেল পরিবর্তন করে করে স্মার্টফোন ব্যবহার করছিল এ্যাতদিন। ওনার কিছু নতুন উপলব্ধি হল -- আপাতত আর স্মার্টফোনে ফেরত যাবেন না বলে ঠিক করেছেন। (http://lifehacker.com/5978637/why-im-glad-my-smartphone-broke)

সবশেষে মনে হয়, ইদানিংকার হাফপ্যান্ট মোল্লা টাইপের হুজুররা আঙ্গুর ফল টক আঙ্গুর ফল টক বলে বলে নিজেরে প্রবোধ দিয়ে হাদিস কোরান ঝাড়ে আর এদিকে আবার ঐশ্বরিয়া নিয়ে হা-হুতাশ মার্কা পোস্ট-স্ট্যাটাস দেয় --- আমার এই লেখাটাও সেই টাইপেরই হয়ে গেল বোধহয়।
(সচলায়তনে প্রকাশিত)

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

জোরিন ওএস ৭ লাইট রিভিউ

বেশ কিছুদিন যাবৎ একটা লাইটওয়েট ডিস্ট্রিবিউশন খুঁজছিলাম। এরই ধারাবাহিকতায় Zorin OS 7 Lite নামিয়ে পরীক্ষা করলাম। এটি মূলত উবুন্টু ১৩.০৪ এর উপর ভিত্তি করে বানানো তবে ডেস্কটপ এনভায়রনমেন্ট হিসেবে LXDE ব্যবহার করা হয়েছে। যথারীতি আর সব লাইট ডিস্ট্রিবিউশনের মত লাইভ সিডিতে হালকা প্রোগ্রামগুলোই রাখা আছে। তবে হার্ডডিস্কে ইনস্টল করলে অন্য যে কোন প্যাকেজ ইনস্টল করে নেয়া যায়।
এই রিভিউয়ে শুধুমাত্র এটার লুক এন্ড ফিলের দিকটা তুলে ধরার চেষ্টা করেছি। কিছু স্ক্রিনশট দিয়ে। বুট করার পর প্রথম যে স্ক্রিনটা আসবে সেটা দেখেই একটা পরিচিত ভাব জাগবে। বামদিকের নিচের কোনায় জোরিনের আইকন সহ মেনু, তারপাশে অ্যাপ্লিকেশন লঞ্চ বার, যাতে গুগল ক্রোম, ফাইল ব্রাউজার (PCManFM) এবং তার পাশে অডাশিয়াস মিডিয়া প্লেয়ার(Audacious) আইকন দেখা যাচ্ছে। এছাড়া প্যানেলের ডানদিকে অডিও, ব্যাটারি (ল্যাপটপ বলে), ঘড়ি এবং শাটডাউন বাটনও আছে। লাইভ সিস্টেমের ডেস্কটপে ইনস্টল করার একটা শর্টকাট দেয়া আছে।
 ডিফল্টভাবে খুব বেশি প্রোগ্রাম এতে দেয়া নাই। উপরের চিত্রে প্রথম আইটেম Accessories এ ৮টি অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে।

গুগল ক্রোমে বাংলা ঠিকমত দেখানোর জন্য লাইভে .fonts নামক একটা ফোল্ডারে পছন্দের বাংলা ফন্টগুলো রেখে দিলেই হয়। নিচের শটটা নেয়ার সময়ে ক্রোমে বাংলা দেখানোর জন্য আদর্শলিপি, সোলাইমানলিপি ইত্যাদি ফন্ট সিলেক্ট করে দিয়েছিলাম। এছাড়া ফাইল ব্রাউজারটার ডিফল্ট আইকন থীমটাও বেশ চমৎকার -- ডেস্কটপ, বর্ডার, আইকন সবকিছুতেই নীলের ছড়াছড়ি।

এরপরে স্টার্ট মেনুতে কী কী প্রোগ্রাম ডিফল্টভাবে দেয়া আছে তা দেখি। গ্রাফিক্সে গিম্পের মত ভারী কিছু নাই। সিম্পল স্ক্যান হল স্ক্যানারের ইন্টারফেস।

ইন্টারনেটের স্ক্রিনশটটা বাদ পড়ে গেছে। তবে সেখানে গুগল ক্রোম, পিজিন (মেসেঞ্জার/চ্যাট) ছাড়াও আরেকটা ব্রাউজার ইনস্টলার নামক স্পেশাল জোরিন অ্যাপ দেয়া আছে। এই স্পেশাল অ্যাপটার স্ক্রিনশট পরবরতীতে দেয়া হয়েছে।

অফিস প্রোগ্রাম হিসেবে হালকা কিছু দেয়া আছে। এতে শুধু টেক্সট ডকুমেন্ট খোলার ব্যবস্থা রাখলেও ডিফল্টভাবে স্প্রেডশীট প্রোগ্রাম দেয়া নাই।

সাউন্ড আর ভিডিও প্লেয়ারগুলো সাধারণ চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট। এগুলো মিডিয়া ফাইল প্লে করতে পারবে।

সিস্টেম টুলগুলো সবই পরিচিত। তবে এখানে শেষের দুইটা জোরিনের নিজস্ব কিছু টুইক। যার স্ক্রিনশট পরবর্তীতে দেয়া হয়েছে।

প্রেফারেন্সে সবই পরিচিত হলেও, এখানে ব্যবহারবান্ধবতার জন্য বেশ কিছু অতিরিক্ত অ্যাপস বাই ডিফল্ট দেয়া আছে বলে মনে হল। এখানকার কাস্টমাইজ লুক এন্ড ফিল-এর স্ক্রিনশট সবশেষে আছে। এছাড়া ওপেনবক্স কনফিগারেশন ম্যানেজার থেকেও লুক এন্ড ফিল পরিবর্তন করা যায়।

ফাঁকা ডেস্কটপে ডান ক্লিকে যেই মেনু আসে সেটাতে খুব বেশি কিছু আইটেম না থাকলেও কোন ফোল্ডার সিলেক্ট করে ডান মাউস ক্লিকে বেশ কিছু চমৎকার অপশন আসে, যার শট নিচে দেয়া হল।

এছাড়া ইমেজ ফাইলের উপর ডান ক্লিকে মেনুটার আইটেমগুলো পরিবর্তন হয়ে যায়। এভাবে অন্য ধরণের ফাইলের জন্যও উপযুক্ত অপশনগুলো আসে।

নিশ্চয়ই ভাবছেন যে স্ক্রিনশট নেয়ার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেছি! ঠিকই দেখেছেন, কোনো মেনুতেই স্ক্রিনশট নেয়ার কিছু নাই। তাই ভাবলাম এর জন্য কোনোকিছু লাইভ অবস্থায়ই ইনস্টল করে নেয়া যায় কি না। তখন সিনাপ্টিক মেনুতে স্ক্রিন দিয়ে সার্চ দিয়ে দেখি একটা ইনস্টলড প্রোগ্রাম আছে, যা কিনা কমান্ড লাইনে স্ক্রিনশট নেয়। তাড়াতাড়ি গুগলের শরনাপন্ন হলাম। নেট থেকে এটার কমান্ডগুলো সার্চ করে বের করে ফেললাম। তাই স্ক্রিনশট নিতে আলাদা কোনো সফটওয়্যার লাগেনি। লাইভ সিস্টেম থেকেই নিতে পেরেছি।

নিচের স্ক্রিনশটটা খেয়াল করুন। কমান্ড লাইন scrot দিয়ে সহজে স্ক্রিনশট নেয়ার জন্য ডেস্কটপে দুইটা লাঞ্চার বানিয়ে নিয়েছি। একটাতে ৫ সেকেন্ড ডিলে আরেকটাতে এরিয়া ক্যাপচারের সিনটেক্স দেয়া। জোরিনে সাধারণ মিডিয়া দেখানোর কোডেকগুলো দেয়া আছে। নিচের স্ক্রিনশটে ছবি এবং ভিডিও চলছে দেখা যাচ্ছে।

এরপর জোরিনের স্পেশাল যে তিনটি অ্যাপ মেনুতে দেখেছিলাম সেগুলোর সাথে একটু পরিচিত হই। নিচে ওয়েব ব্রাউজার ম্যানেজার দেখা যাচ্ছে যা ইন্টারনেট মেনুতে ছিল। এতে ইনস্টল থাকা ক্রোম আনইনস্টল এবং অন্য তিনটি ব্রাউজার ইনস্টলের অপশন আছে। সরাসরি ক্লিক করে করা যাবে -- যা নতুনদের জন্য যথেষ্ট ব্যবহার বান্ধব বলেই মনে হয়। এছাড়া আরো কিছু এক্সট্রা সফটওয়্যারে বেশ কিছু চমৎকার অ্যাপ ইনস্টলের সরাসরি বাটন দেয়া আছে। ওয়াইন হল লিনাক্সে উইন্ডোজ প্রোগ্রাম রান করার একটা উপায়।
জোরিনের মূল উদ্দেশ্যই ছিল উইন্ডোজ লুক এলাইক করে উবুন্টু বানানো। অবশ্য একই উদ্দেশ্যে উবুন্টুর আরো ফর্ক আছে। এরা দেখি লুক চেঞ্জার নামে একটা অ্যাপ দিয়ে রেখেছে। যাতে উইন্ডোজ ২০০০ আর ম্যাক ওএস এক্স লুক দেয়া যাবে বলে দেখাচ্ছে। অর্থাৎ ডিফল্ট লুকটা উইন্ডোজ ২০০০ এর মত!

এবার একটু মাতব্বরী করার পালা। প্যানেলে ডান ক্লিক করলে যে মেনু আসে সেখান থেকে এতে আরো কিছু আইটেম যোগ করা যায়। আমি কিবোর্ড লাঞ্চার লাগালাম। তারপর সেটা আবার কাস্টমাইজ করে (২/৩ ক্লিক করে লাগে) সেটাতে বাংলা (প্রভাত) কীবোর্ড যোগ করে নিলাম। এরপর সব জায়গাতেই চমৎকার বাংলা লিখতে পারলাম। মাউস ক্লিক ছাড়াও কীবোর্ড থেকে shift+caps lock দিয়ে লেআউট পরিবর্তন করা যায়। আর এই স্ক্রিনশটের সময়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ পাল্টে রং দিয়ে দিয়েছি।

লুক চেঞ্জারটা পরীক্ষা করে দেখতে ইচ্ছা হলে ম্যাকে চাপ দিলাম। এতে লগ-আউট হয়ে লগইন করতে বললো। জেনে রাখা ভাল, লগইনএর সময়ে ইউজার নেম = live আর পাসওয়র্ড = ফাঁকা রাখতে হবে।

লগআউট করার স্ক্রিনটা সাধারণ LXDE এর মতই। তবে এটাতে উপরে লুবুন্টু সেশন লেখা দেখে বেশ মজাই লাগলো।

এবার দেখুন ম্যাক-লুক। প্যানেল উপরে আর নিচে একটা ডক। ডকের রহস্য ভেদ করতে এতে ডান ক্লিক করে প্রেফারেন্সে ঢুকে বেশ কিছু কাস্টমাইজেশনের অপশন আছে দেখা গেল। আমি ডিফল্ট ডকটাকে এখানেই সামান্য একটু পরিবর্তন করেছি।

লুক এন্ড ফিল পরিবর্তনের জন্য বেশ কিছু অপশন দেয়া আছে। ডিফল্ট জোরিন থিম, আইকন, রং, মাউস পয়েন্টার সহ বিভিন্ন জিনিষ পাল্টে বেশ অনেকগুলো অপশন ব্যবহার করা যায়, যা নিচের স্ক্রিনশটে দেখতে পাবেন।

সব মিলিয়ে জোরিন ওএস ৭ লাইট বেশ ভালই লাগলো। আমি ইতিমধ্যেই অফিসের ডেস্কটপের একটা পার্টিশনে এটা ইনস্টল করেছি। তারপর প্রক্সি, নেট, নেটওয়র্ক প্রিন্টার সেটিং করে এটাতে লিব্রে অফিস সহ আরো কিছু সফটওয়্যার ইনস্টল করে নিয়েছি। এটাতে সমস্যা হল, প্রয়‌োজনীয় সফটওয়্যারগুলো পেতে ভাল ইন্টারনেট কানেকশন লাগবে। তাছাড়া প্রক্সি সেট করাটা খুব একটা সহজ না (এটা lxde এর বৈশিষ্ট) - অব্শ্য খুব একটা কঠিন কিছুও না। পুরাতন, কম রিসোর্স সম্পন্ন মেশিনের জন্য আধুনিক কিন্তু কম চাহিদাসম্পন্ন একটা সম্পুর্ন অপারেটিং সিস্টেম চাইলে জোরিন লাইট একটা ভাল চয়েস হতে পারে।

লিংকসমূহ:
জোরিন হোমপেজ: http://zorin-os.com/index.html
ডিস্ট্রোওয়াচে জোরিন: http://distrowatch.com/?newsid=07948 
ডাউনলোড Zorin OS 7 Lite (৭৮৬ মেগাবাইট): http://zorin-os.com/lite.html 
টরেন্ট: ডাউনলোড টরেন্ট

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

লিব্রে অফিস টিউটোরিয়াল: পৃষ্ঠা নম্বর সহ সমস্ত সংখ্যা বাংলা করা

লিব্রে অফিস লেখালেখি বা কম্পোজিং এর জন্য আইনসঙ্গতভাবেই বিনামূল্যে প্রাপ্ত একটা ওপেন সোর্স সফটওয়্যার (এর সমতূল্য মাইক্রোসফট অফিসের আইনসঙ্গত মূল্য প্রায় ৪০০ ডলার)। এটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ডাউনলোড করে ব্যবহার করা যায়। লিংক: http://www.libreoffice.org/download/ 
লিব্রে অফিসে পৃষ্ঠা নং এবং অন্যান্য সংখ্যাগুলো সহজেই বাংলা করা যায়। এজন্য যা করতে হবে তা হল, মেনু থেকে:

Tools → Options → Language Settings → Languages → Locale setting = Bengali (Bangladesh)

এর পর OK দিয়ে বের হয়ে আসলে ঐ অপশনটা চালু হবে। এরপর আবার মেনু থেকে:

Tools → Options → Language Settings → Complex text layout → Numerals = System

দিয়ে OK। ব্যাস সব নম্বরগুলো স্বয়ংক্রিয়ভাবে বাংলা হয়ে যাবে। এরপর পৃষ্ঠা নম্বর, সূচীপত্রের পৃষ্ঠার নম্বর সবকিছুই বাংলা হয়ে যাবে।

তবে, এতে একটা সমস্যা তৈরী হতে পারে। কারণ স্বাভাবিক টেক্সটের মধ্যে এমনকি ওয়েব এড্রেসের মধ্যকার সংখ্যাগুলোও ইংরেজি থেকে বাংলা ডিজিটে চলে আসে -- যা অনেক সময়ে কাম্য নয়। এ ধরণের সমস্যা থেকে পরিত্রাণের অফিসিয়াল উপায় খুঁজে পাইনি। তবে আমি অবশ্য এই ধরণের সমস্যায় উবুন্টু ফন্ট থেকে স্পেশাল ক্যারেকটার দিয়ে একটা একটা করে বাংলা ডিজিট পরিবর্তন করে দিয়েছি।

মেনু থেকে Insert --> Special Character ... ... এ গিয়ে Font = Ubuntu সিলেক্ট করে নিচের চিত্রের মত জায়গা থেকে একটা একটা করে বাংলা সংখ্যাকে ইংরেজি স্পেশাল ক্যারেক্টার দিয়ে পরিবর্তন করে দিয়েছি। খেয়াল করুন, ঐ ফন্টের প্রথম দিকে যেই ডিজিটগুলো থাকে ওগুলোতে কাজ হবে না (দিলে বাংলা হয়ে যাবে)। স্ক্রল করে একেবারে নিচে চলে গেলে সেখানে আরেকবার ডিজিটগুলো দেয়া আছে সেগুলো ব্যবহার করতে হবে।



সম্পুর্ন টিউটোরিয়ালটি নিচে এনিমেটেড অবস্থায় পাবেন।



লিব্রে অফিস টিউটোরিয়াল: গাণিতিক ফর্মূলা দেয়া

লিব্রে অফিস লেখালেখি বা কম্পোজিং এর জন্য আইনসঙ্গতভাবেই বিনামূল্যে প্রাপ্ত একটা ওপেন সোর্স সফটওয়্যার (এর সমতূল্য মাইক্রোসফট অফিসের আইনসঙ্গত মূল্য প্রায় ৪০০ ডলার)। এটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্সের জন্য ডাউনলোড করে ব্যবহার করা যায়। লিংক: http://www.libreoffice.org/download/
এই সফটওয়্যারে গাণিতিক জটিল সূত্র লেখার জন্য একটা ইকুয়েশন এডিটর আছে। যা ব্যবহার করে চমৎকার কম্পোজিং এর কাজ করা যায়। নিচে পুরাপুরিভাবে রাইটারে (লেখালেখির জন্য) কম্পোজ করা একটা ফর্মূলা লেখা পৃষ্ঠার ছবি দেখুন। (ক্লিক করলে বড় হবে)


এই ধরণের ফর্মূলা লেখার জন্য লিব্রে অফিসের মেনু থেকে Insert --> Object --> Formula নির্বাচন করতে হবে। এতে স্ক্রিনের নিচের দিকে ছোট্ট একটা টেক্সট বক্স সহ কিছু নতুন মেনু আসবে -- যা ব্যবহার করে ফর্মূলাগুলো লিখতে হবে।



এখানে ২ নং চিহ্নিত অংশে সরাসরি ফর্মূলার কোড লেখা যায়। কিংবা ১ নং থেকে কোন ধরণের ফর্মূলা সেটা ক্লিক করে তারপর ২ নং এলাকায় কোডের মধ্যে প্রয়োজনীয় চলকগুলো দেয়া যায়। চিত্রে খুব সাধারণ একটা সূত্র লেখা হয়েছে। সবশেষে ৩ নং এলাকায় ক্লিক করলে ফর্মূলাটা শেষ হবে। কখনো ফর্মূলা সম্পাদনা করতে চাইলে, সেই ফর্মূলার উপর ডবল ক্লিক করলেই আবার এই ইন্টারফেস ফেরত আসবে।

ফর্মূলাতে বিভিন্ন রকম গ্রীক অক্ষর গ্রাফিকালি দেয়ার জন্য নিচের চিত্রের মত করে সিম্বল দেয়া যেতে পারে।



ফর্মূলা লেখার জন্য গ্রাফিকাল টুলমেনু হিসেবে Elements দেয়া থাকে যাতে অনেক রকম ফর্মূলা লেখার অপশন আছে। নিচে এই মেনুর অপশনগুলোর চিত্র দেয়া হল:



যদি কোনো কারণে এই টুলবারটি আপনার ইন্টারফেসে না আসে, কিংবা বন্ধ করে দেয়ার পর ফেরত আনতে চান তাহলে মেনু থেকে: View --> Elements ব্যবহার করতে হবে।

দ্রুত ফর্মূলা লিখতে সরাসরি টাইপ করাই পছন্দনীয়। তবে একজনের পক্ষে হয়তো সমস্ত কমান্ড বা সিনটেক্স মনে রাখা সম্ভব নয়, তাই প্রায়ই Elements মেনুটা ব্যবহার করতে হয়।

Elements মেনুর কোন বাটনে ক্লিক করলে নিচের বক্সে সিনটেক্সটা চলে আসে। সেখানে জায়গামত চলকগুলো বসিয়ে দিলেই ফর্মূলা চলে আসবে। উদাহরণ স্বরূপ যদি a/b, যেটাতে উপরে নিচে থাকে, লিখতে Element মেনুগুলোর প্রথম চিত্রটির ৩য় সারির ২য় বাটনটি (fraction, division) ক্লিক করি তবে নিচের মত সিনটেক্স আসবে:

{<?>} over {<?>}
এখানে {} এর ভেতরের <?> অংশগুলো মুছে সেখানে প্রয়োজনীয় চলকগুলো লিখে দিলেই মূল ডকুমেন্টে এই ফর্মূলাটি দেখা যাবে। এখানে সব লেখা হলে মূল ডকুমেন্টের উপরে ক্লিক করুন।

এবার কিছু হাতে কলমে উদাহরণ বুঝিয়ে দেই:



এর জন্য লিখতে বা টাইপ করতে হয়েছিলো:
y_1 = sqrt{{y_2}^2 + {{2 Q^2} over {g b^2 y_2}} + {{f L Q^2} over {12 g b^2 r d}}}

এখানে যা লিখতে হয়েছিলো সেটা খেয়াল করলে কিছু জিনিষ বোঝা যায়:
১) দ্বিতীয় বন্ধনীর ব্যবহার হয় একটা ফরম্যাটিংয়ের আওতা চিহ্নিত করতে, এটা ফর্মূলাতে আসবে না।
২) কোন অক্ষরকে সাফিক্স হিসেবে ব্যবহার করতে হলে, সেটার আগে আন্ডারস্কোর দিতে হবে। যেমন: শুরুতে y_1 ব্যবহারে y এর সাফিক্স 1 হয়েছে। যদি সাফিক্স হিসেবে একাধিক সংখ্যা অক্ষর ব্যবহার করতে হয় তবে সেগুলো একত্রে স্পেস ছাড়া লিখলেই হবে।
৩) পাওয়ার (স্কয়ার, কিউব ইত্যাদি) দিতে হলে ^ চিহ্নটি ব্যবহার করতে হয়। অর্থাৎ a কিউব লিখতে হলে a^3 টাইপ করতে হবে।
৪) ভগ্নাংশ আকারে লিখতে over ব্যবহার করা হয়। হর এবং লবের পুরা অংশকে দ্বিতীয় বন্ধনির মধ্যে রাখতে হয়।
৫) বর্গমূল বা স্কয়ার রুটের চিহ্ন দেয়ার জন্য সিনটেক্স এমন: sqrt{এখানে রুটের ভেতরের অংশের কোড টাইপ করুন}

এছাড়াও n তম রুটের জন্য সিনটেক্স এমন: nroot{n}{রুটের ভেতরের অংশ}
যেমন: nroot{৮}{কলম times কলস} দিলে এরকম আউটপুট আসবে:


এবার নিচের এই সূত্রটা দেখি, এখানে ত্রিকোনোমিতির ফাংশন এবং গ্রীক অক্ষর ব্যবহার করা হয়েছে।


এর জন্য ইকুয়েশন এডিটরে কোড টাইপ করতে হয়েছিলো
q = {8 over 15} C_d (2g)^{1/2} tan{%theta over 2} H^{5/2}

গ্রীক অক্ষরগুলো কীবোর্ডে থাকে না, এটাকে গ্রাফিকালি দেয়া যায় (উপরের ৩ নং ছবির মত করে); তবে আমার পছন্দ সরাসরি টাইপ করে দেয়া। যেই অক্ষরটা দিতে হবে সেইটার আগে শতকরা % চিহ্ন সহ লিখলেই সেই অক্ষর দেখাবে। এই উদাহরণে থিটা ব্যবহৃত হয়েছে। এরকম বহুল ব্যবহৃত কয়েকটা হল: %alpha, %beta, %pi, %gamma ইত্যাদি।

মেট্রিক্সের উদাহরণ


কোড:
left ( matrix{ক_১১ # ক_১২ # ক_১৩  ## ক_২১ # ক_২২ # ক_২৩ ## ক_৩১ # ক_৩২ # ক_৩৩} right )

এখানে "left (" এবং "right )" দিয়ে দুই পাশের বড় দুইটা ব্রাকেট দেয়া হয়েছে। বাকীগুলো মেট্রিক্সের চলক। প্রতি চলকের মাঝে " # " চিহ্ন (আগে ও পরে একটা করে ফাঁকা স্পেসসহ) দিতে হবে। একই ভাবে প্রতিটা সারির মাঝে (row break) " ## " চিহ্ন দিতে হবে।


কোড:
left [ matrix{কদবেল ## মরিচ ## পটল} right ] times left [ matrix{গাধা # গরম # ১৭ ## ধান # পাট # শাক} right ]

আশা করি এটা বুঝতে সমস্যা হচ্ছে না। এটাতে সাধারণ ব্র্যাকেটের (parenthesis) বদলে স্কয়ার ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে।

সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৩

মহাদেশ কয়টি


কিছুদিন পূর্বে প্রজন্ম ফোরামে এক ভাই প্রশ্ন করলেন নিউজিল্যান্ড কোন মহাদেশে অবস্থিত। আপাত সহজ এই প্রশ্নটার উত্তরে প্রথমেই মাথায় আসে অস্ট্রেলিয়া মহাদেশের কথা। কিন্তু ব্যাপারটা কি আসলেই অত সহজ? একটু ঘাটাঘাটি করে দেখা গেল মোটেই তা নয়, বরং প্যাঁচে ভরপুর ... ...


প্রথম সোর্স উইকিপিডিয়াতে (http://bn.wikipedia.org/wiki/মহাদেশ) বলছে ৭টি মহাদেশ। ছোটবেলার ভুগোল বইয়েও তাই পড়েছি বলে মনে পড়ে। এই হল উইকির ছবি:

নিউজিল্যান্ড ওশেনিয়ান অঞ্চলে অবস্থিত। এই তথ্যটুকু এব্যাপারে আরেকটু ঘাটাঘাটি করতে উৎসাহ দিল -- আর ভ্যাজালটা বাধলো তখনই --

এখানে বেসিক প্রশ্ন হল মহাদেশ কাকে বলে? এর সংজ্ঞা কী? এই সংজ্ঞাটা কে দিয়েছে এবং কতটুকু গ্রহনযোগ্য।

প্রথমে উইকিপিডিয়া থেকেই নিচের ছবিটা দেখুন (এনিমেটেড):
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/Continental_models.gif/800px-Continental_models.gif

এখানে বলেছে যে, কিভাবে মহাদেশ চিন্তা করা হচ্ছে তার উপর ভিত্তি করে বিভিন্ন রকম মডেল হতে পারে। যেমন: কখনো ইউরেশিয়াকে দুইভাগ দেখাচ্ছে, কখনো দুই আমেরিকাকে একটা বড় মহাদেশ হিসেবে দেখাচ্ছে।

একসাথে যুক্ত বৃহদাকৃতির ভূমি যদি হয়, তাহলে ইউরোপ এবং এশিয়া আলাদা হতে পারে না। আবার ইউরেশিয়ার সাথে আফ্রিকাও যুক্ত। আফ্রিকার মিশরের সাথে এশিয়ার বিরাট অংশ যুক্ত - সুয়েজ খালের অংশ দিয়ে অফ্রিকা আলাদা হয়নি কিন্তু, কারণ সুয়েজ খাল হল মিশরের ভেতরে। সুয়েজ দিয়ে আলাদা হয়েছে বললে, মিশরের এক অংশ আফ্রিকায় আর আরেক অংশ এশিয়ায় বলতে হবে। আবার একইভাবে উত্তর ও দক্ষিণ আমেরিকা একই সাথে আছে।

বিশেষত ইউরেশিয়াটা যে কোনো সংজ্ঞার সবচেয়ে বড় সমস্যা। ইউরোপীয়ানরা এটাকে আলাদা দেখতে চাইলেও রাশিয়া সহ পূর্ব ইউরোপীয় দেশসমূহ এবং জাপান এটাকে এক মহাদেশ হিসেবে দেখতে পছন্দ করে। (তথ্যসূত্র: উইকিপিডিয়া)। ইউরোপের ক্ষেত্রফল এবং সাংস্কৃতিক বৈশিষ্টের বৈচিত্র বিচার করলে তা ভারত এবং চীনের সাথে তুলনীয়। ফ্রান্স, ভারতের উত্তর প্রদেশের প্রায় সমান।
আবার দেখুন ইউরোপ এক মহাদেশ হিসেবে আলাদা কল্পনা করলেও ইউরোপীয়ান ইউনিয়ন নামক সংস্থায় তুরস্ক, নরওয়ে, সুইজারল্যান্ড, আইসল্যান্ড সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এটার অন্তর্ভুক্ত নয়।


http://upload.wikimedia.org/wikipedia/commons/7/75/European_Union_enlargement.gif

টেকটোনিক প্লেট হিসেবে চিন্তা করলে তো আরেক ভেজাল লাগবে। কারণ প্লেটের নাম ইউরেশিয় প্লেট - এটাতে সৌদি আরব কিংবা ভারত নাই: ওগুলো আলাদা প্লেট। আর প্লেটের সংখ্যাও অনেকগুলো।
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Plates_tect2_en.svg/350px-Plates_tect2_en.svg.png

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই বিভাজনের ব্যাপারটা বিভিন্নভাবে আসে। যেমন ফিফা বিশ্বকাপে বিভিন্ন মহাদেশভিত্তিক যে কোটা আছে এশিয়ার সাথে অস্ট্রেলিয়া একসাথে। ওশানিয়া আলাদা কিন্তু সেখানে অস্ট্রেলিয়া নাই। রাশিয়া ইউরোপে বলে সাইবেরিয়া হিসাবে আসে না।

আমার ধারণা বিভিন্ন ম্যাপওয়ালারা এই বিভাজনগুলো করেছে। আর এই ম্যাপ তৈরী হয় কোনো না কোনো দেশের সংস্থা দ্বারা। ব্রিটিশরা এখনও মিয়ানমারকে বার্মা বলে - সেই অঞ্চলের নামকরণকে সম্মান না জানিয়ে বরং তাদের দেয়া নামটাই প্রতিষ্ঠিত রাখতে চায়।


ভ্যাজালটা তাহলে রয়েই গেল। মহাদেশের প্রশ্নে স্ট্রেইট ফরোয়ার্ড উত্তর দেয়া যাবে না মনে হচ্ছে।

সূত্র: http://forum.projanmo.com/topic25049.html