বুধবার, ২১ এপ্রিল, ২০১০

আবর্জনা থেকে মুক্ত হওয়ার সময় এখনই

(সর্বপ্রথম সচলায়তনে প্রকাশিত)
পেশায় পরিবেশ প্রকৌশলী বলে আবর্জনার প্রতি আমার একটা আত্মার টান দেখা যায়। না ... ইয়ে .. মানে .... আবর্জনা দেখলেই পরিষ্কার করার বিষয়ে বলতে চেয়েছিলাম। আম্মার কাছে শুনেছি যে যখন একরত্তি বাচ্চা ছিলাম, তখনও হাতের কাছে ঝাড়ু পাইলেই ঝাড়ু দেয়া শুরু হয়ে যেত। এখনও হাতের কাছে ন্যাকড়া পেলেই জব্বর (জব্বার কাগু নয়) মোছামুছি শুরু করে দেই। ক্লাসরূম, সিড়ি ইত্যাদিতে কাগজ পড়ে থাকতে দেখলেও কুড়িয়ে পাশের "আমাকে ব্যবহার করুন" এ স্থাপন করি। অবশ্য শেষোক্ত এই অভ্যাসটা শুরু হয়েছে জাপান থেকে ... দেখতাম বুড়াগুলো ইভনিং ওয়াক করার সময়ে হাতে একটা পলিথিন ব্যাগ আর আরেক হাতে বিরাট চিমটা নিয়ে হাটে। হাঁটতে হাঁটতে কোনো ময়লা যেমন কাগজের টুকরা, বাচ্চাদের ফেলে যাওয়া চকোলেটের খোসা ইত্যাদি পেলেই চিমটা দিয়ে টুক করে ধরে পলিথিনে ঢুকিয়ে ফেলে, তারপর ফেরার পথে সেই পলিথিন ব্যাগটা ডাস্টবিনে ফেলে দেন ... ... পরিবেশের স্বাস্থ্য ঠিক রাখাতে সাহায্য করে আসলে নিজের স্বাস্থ্য ঠিক রাখার আরেকটি দিকও (হাটার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ) ঠিক রাখলো। যাক ধান ভানতে শীবের গীত হয়ে গেল অনেক ... ... আসল কথায় আসি ... ...

স্কুলের পাঠ্য বইয়ে আমাদের সময়ে কম্পিউটার শিক্ষা বলে কোনো কিছু ছিলো বলে মনে পড়ে না (আমার SSC =১৯৯০)। ইদানিং বিভিন্ন জায়গায় পড়ছি যে আমাদের নীরবতার সুযোগে এই জায়গায় কিছু আবর্জনা পুশ-ইন করা হয়েছে। কিন্তু এই আবর্জনা পঁচে বায়োগ্যাস বা সার কিছুই হওয়ার উপায় নাই, তাই উদ্দিষ্ট ডিজিটাল বাংলাদেশ গড়তে এটা সহায়তার বদলে পেছনে টেনে লক্ষ্য থেকে দুরে সরিয়ে রাখবে বলে প্রতীয়মান হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নামক একটা প্রতিষ্ঠানের শীর্ষেও ইদানিংকার পঁচা দূর্গন্ধ দেখে আবর্জনা দিয়ে ভর্তি বলে প্রতীয়মান হল। তাই এই উৎস থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রেরণা নিলে 'ডিজি' বাদ চলে গিয়ে শুধুই 'টাল' অবশিষ্ট থাকবে বলে আমার দৃঢ় ধারণা।

এদিকে ২০১৩ সালেরও বেশি দেরী নাই। কিন্তু পাঠ্যক্রমের ঐ বইগুলোতে প্রোপাইটারী দামী সফটওয়্যার চালানো শেখানোর চেষ্টা করা হযেছে বলে জানতে পারলাম। যদি পুরা তরুন সমাজকে ঐ পথে এগিয়ে নেয়া হয় তাহলে প্রজন্মশুদ্ধ শিক্ষিত লোকজন গুটিকয়েক সফটওয়্যার কম্পানির কাছে জিম্মি হয়ে থাকবে ... ... আর একপেশে দক্ষতার সেই প্রজন্মকে কাজে লাগাতে হলে দেশের কষ্টার্জিত বৈদেশিক মূদ্রার বেশিরভাগ অংশই ঐ বিদেশী কোম্পানিগুলোর পকেটে চলে যাবে কারণ TRIPS চুক্তির অধীনে সরকার পাইরেসী ঠেকাতে বাধ্য।

কাজেই প্রস্তুতি নেয়ার জন্য এখনই সময়। শিক্ষাসূচীকে যুগোপযোগী করতে হলে মুক্ত সফটওয়্যার বিষয়ক বিষয়গুলোকে বেশি বেশি করে শিক্ষাক্রমে নিয়ে আসতে হবে। এতে বিকশমান প্রজন্ম নির্ভরশীলতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে পারবে এবং সত্যিকাল লক্ষ্য তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তাই আসুন শিক্ষাক্রম থেকে নির্ভরশীলতার আবর্জনা সরিয়ে ফেলার ব্যবস্থা করতে জনমত গড়ে তুলি। যাদের মনে মুক্ত সফটওয়্যারের সামর্থ নিয়ে সন্দেহ দোলা দেয়, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি মোজিলা ফায়ারফক্স, উইকিপিডিয়া, অভ্র-কীবোর্ড, ওপেনঅফিস, গিম্প, লিনাক্স ইত্যাদি মুক্ত সফটওয়্যার ও মুক্ত সংস্কৃতির সাফল্যের উদাহরণ। এছাড়া এই লেখা যেই ব্লগ বা ফোরাম থেকে এই লেখাটি পড়ছেন সেটাও মুক্ত সফটওয়্যারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

ভবিষ্যত প্রজন্মকে সফটওয়্যার-গোলামী থেকে মুক্তি দেয়ার জন্য সঠিক দিক নির্দেশনা দেয়া জরুরী। সফটওয়্যারের বিষয়টা পাত্তা পাওয়ার যোগ্য কারণ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিগণই সফটওয়্যার ব্যবসা করে অর্থ কামাচ্ছেন। আমাদের বয়স বেড়ে চলেছে। এই আধবুড়াদের পক্ষে নতুন বিষয়গুলো আয়ত্ব করা সম্ভব না হলেও নতুন প্রজন্মের পক্ষে মুক্তির পথ আয়ত্ব করা সহজ হবে। তাই শিক্ষাক্রম থেকে আবর্জনাপ্রসুত আবর্জনাগুলো সরিয়ে ফেলা অতি জরুরী।

তাই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যে যার অবস্থান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের কানে কার্যকরভাবে এই কথাগুলো পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের অনেকেরই ভাই, দুলাভাই, চাচা, মামা, বন্ধু, বন্ধুর বাবা, আঙ্কেল, শিক্ষক ইত্যাদি পরিচিত ব্যক্তির মধ্যেই সরকারের উচ্চ পর্যায়ে প্রভাবশালী ব্যক্তি/শিক্ষক/সাংবাদিক/কর্মকর্তা খুঁজে পাওয়া যাবে। প্রথমে তাদেরকে TRIPS, পাইরেসি, ওপেনসোর্সের শক্তি-সফলতার কথাগুলো সহজ ভাবে বলতে হবে। এছাড়া এ-ও জানাতে হবে যে বিভিন্ন দেশেই সরকারী পর্যায়ে ওপেনসোর্সকে প্রমোট করে অযথা খরচ বাঁচিয়েছে; অনেক বড় বড় কোম্পানিই ওপেনসোর্স ভিত্তিক সমাধান বেছে নিচ্ছে। এনারা জানলে এবং দেশপ্রেমিক হলে সামনে পুশ করতে থাকবেন বলেই আশা করি। এটা হবে অনেকটা জমিতে বীজ লাগানোর আগে জমি প্রস্তুত করার মত একটা পদক্ষেপ।

শুধু সচেতনতা বৃদ্ধিই যথেষ্ট নয়। যদি নতুন শিক্ষাক্রমকে সমর্থন দেয়ার মত যথেষ্ট বিকল্প শিক্ষা উপকরণ প্রস্তুত না থাকে তবে সরকারের সদিচ্ছা হলেও আগের আবর্জনা ফেলতে পারবেনা। তাই ওপেনসোর্স ভিত্তিক শিক্ষাক্রম এবং এর উপযোগী শিক্ষা উপকরণ তৈরী করা জরুরী। সরকার শুরু করুক বা না করুক আমরা কিন্তু এই কাজটা এগিয়ে রাখতে পারি। এজন্য বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং ইন্টারনেটে অ্যাকটিভ দেশপ্রেমিক তথ্য-প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদদেরকে একটা ফোরামের মাধ্যমে একত্রে করে তাঁদের দিয়ে একটা উন্মুক্ত সুপারিশমালা তৈরী করাতে পারি। এতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সুক্ষ্ণ বিষয়াদি উঠে আসবে এবং সরকারের কাছে পেশযোগ্য একটা সুন্দর প্রস্তাব তৈরী হয়ে থাকবে বলে আশা করা যায়। এই প্রস্তাব হয়তো সরকার আবার দেশের শিক্ষা-সংক্রান্ত কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য পাঠাবে (আশা করি এই প্রক্রিয়া আবর্জনামুক্ত থাকবে)।

পাশাপাশি সেই সুপারিশ অনুযায়ী শিক্ষা উপকরণের তৈরীর কাজ এগিয়ে নিতে পারি, যেন সরকারকে সেই সব স্যাম্পল উপকরণও সরবরাহ করা যায়। উইকি এবং বিভিন্ন বিষয়ভিত্তিক ইবুকের সফলতা দেখে এই স্বপ্নটাকে অবাস্তব মনে হয় না।

এই আবর্জনা দূরীকরণের পাশাপাশি আরেকটা বিষয়ে লক্ষ্য দেয়া দরকার। সেটা হল বর্তমান সরকারী কর্মীবাহিনীকে ২০১৩ পরবর্তী সময়ের জন্য প্রস্তুত করা। ইতিমধ্যেই কিছু জায়গায় অভ্র ব্যবহার করতে না জানাকে অযোগ্যতা বলে ধরা হবে - এরকম ঘোষনার কথা শুনেছিলাম। একই ভাবে যদি ওপেন-অফিস এবং লিনাক্সকে প্রমোট করার উপায় বের করা যায় তাহলে কিন্তু আমরা শক্তভাবে প্রস্ততি নিতে পারি।
আসুন আমরা একটা ইবুক খুলি যেটাতে ভবিষ্যতে বিদ্যালয়ে যুগোপযোগী কম্পিউটার শিক্ষাক্রম বিষয়ক পোস্ট এবং আলোচনাগুলো ধরে রাখি -- এবং ডেডলাইন ফিক্স করে একটা প্রাথমিক খসড়া দাঁড় করিয়ে ফেলি। পাশাপাশি চেনাজানা প্রাসঙ্গিক ফোরামগুলোতে প্রয়োজনে ইংরেজিতে এই প্রক্রিয়াতে যুক্ত হওয়া আহ্বান ছড়িয়ে দেই। শুরুর দিকের বিষয়গুলো এমন হতে পারে:
-- আমাদের দেশে বনাম অন্য দেশে কেমন সিলেবাস
-- কোন শ্রেণীতে কী সিলেবাস হওয়া উচিত

====ডিসক্লেইমার====
তাওয়া গরম থাকতে থাকতেই পরটা ভাজার নিয়ম, তাই তাড়াহুড়া করে এই পোস্ট করলাম... তাই নিঃসন্দেহে লেখা সুগঠিত হয়নি, এবং অনেক জরুরী বিষয়ও বাদ পড়ে গেছে - এটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো।

তাওয়া গরম থাকার ব্যাপারটা কারো মাথার উপর দিয়ে গেলে জেনে রাখুন যে পাঠ্যক্রমের বইগুলো স্বঘোষিত আই.টি. বিশেষজ্ঞ এবং ডিজিটাল বাংলাদেশের প্রণেতা মোস্তফা জব্বার সাহেবের লেখা।

শনিবার, ২৭ মার্চ, ২০১০

মাঝরাতে ব্যাপক বিনোদন

(সর্বপ্রথম সচলায়তনে প্রকাশিত)
রাত ১২:৩০ প্রায়। বাচ্চা তখনো ঘুমায়নি ... আমার স্টাডি কাম বেডরুমটি অন্ধকার করে দেয়া হয়েছে ঘুমের পরিবেশ আনার জন্য। এর মধ্যেই ওর সাথে খেলাধুলা চলছে। এমন সময় মোবাইল ফোনটা বেজে উঠলো। বুকের ভেতরটা একটু ছ্যাৎ করে উঠলো ... এ্যাত রাতে সাধারণত কোনো ভালো খবর আসে না।


ফোনটাকে খুঁজে পেলাম স্টাডি টেবিলে। ব্যাটার ব্যাটারির আয়ু প্রায় শেষ ... তাই স্ক্রিনের আলো জ্বলেনি.... নির্ঘাৎ নাম্বারের বদলে "চার্জ শেষ" ম্যাসেজ দেখাচ্ছে ... খুঁজে পেতেও একটু বেশি সময় লেগেছে। স্ক্রিনে আলো নাই জন্য কে ফোন করলো সেটাও অন্ধকার ঘরে দেখতে পারছি না। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে ডাইনিং স্পেস থেকে আসা আলোতে মনে হল অপরিচিত নাম্বার ... ... আচ্ছা তাহলে সম্ভবত রং নাম্বার হবে। ফোন ধরলাম।

স্লামালেকুম, কে বলছেন প্লিজ ... ...একটা খড়খড়ে কন্ঠ বলছে "তোমাকে মাজার শরীফ থেকে স্মরণ করা হচ্ছে ".. ইত্যাদি। কথার কোনো আগা মাথা নাই .. ভাঙ্গা রেকর্ডের মত। ব্যাপারটাকে একটু ভৌতিক করার চেষ্টা আছে বলে মনে হল। আমি বললাম, একটু জোরে বলেন, পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে না ... আপনি কাকে চাচ্ছিলেন? ... ওপাশের কন্ঠস্বর একঘেয়ে খড়খড়ে কন্ঠে একই কথা বলে যাচ্ছে। ফোন কেটে দিলাম।

এদিকে মাস্টার বেডরুম থেকে বউ এদিকে চলে এসে জিজ্ঞেস করছে কার ফোন (রাতে সাধারণত ভালো খবর আসে না / কোনো গোপন অভিসার ধরে ফেললাম নাকি!) ... বললাম চিনিনা তবে বাঁদরামি করছে। বলতে বলতেই আবার ঐ নাম্বার থেকে ফোন .. কানে ধরতেই একই কথা ... বউ বলছে: কী বলে? আমি তো হাসতেছি ... শুনবা? ঠিক আছে বলে ফোনের স্পিকারে দিলাম। দুইজনই খিক্ খিক্ করে হাসতেছি .... ওদিক থেকে বলতেছে ... "বান্দা তুমি কি শুনতেছো ... তোমাকে মাজার থেকে স্মরণ করা হচ্ছে ... ... ..." আমি বললাম, মাঝরাতে ব্যাপক বিনোদন ... বলতে থাকেন, শুনতেছি, জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট টু ... ..... নাম্বারটা পড়ছিলাম স্ক্রিন থেকে .... বেরসিকের মত ফোনটা কেটে দিলো।

এখন অবশ্য ফোনকারীর মজাতে (!) পানি ঢেলে দেয়ার জন্য একটু খারাপ লাগছে।

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯

কম্পিউটার গেম: সিমসিটির লিনাক্স ভার্সান

অত্যন্ত প্রিয় একটা গেম ছিল SimCity। লিনাক্সে একটা আছে নাম LinCity। বছর দেড়েক আগে আমার বাসার সেলেরন ডেস্কটপ/হার্ডিতে খেলেছিলাম। তখন তেমন একটা ভালো লাগেনি ... কারণ কিছুদুর পর আর ডেভেলপমেন্টের রাস্তা খুঁজে পেতাম না ... সেতু বানানো যেতো না .. ইত্যাদি (মূল সিমসিটি খেললে এটা একটু পানসে লাগবেই)।

আজ এই পোস্ট দেখে ভাবলাম সিমসিটির বিকল্প কিছু নাই নাকি ... .... তারপর লিনসিটির পেইজে গিয়ে দেখি নতুন ভার্সানটার স্ক্রিনশট। এটাতো জোস্ মনে হচ্ছে .. ... কিন্তু ডাউনলোড করে খেলার সময় কি আদৌ পাবো   :-(  

এই গেমটা সাইনাপ্টিক থেকেই ইনস্টল করা যায়। :)
উইন্ডোজের জন্যও ডাউনলোড করা যায়।



এছাড়া সিমসিটির কোডকে মূল কোম্পানি OLPC (ওয়ান ল্যাপটপ পার চাইল্ড) প্রোজেক্টের জন্য ওপেনসোর্স করে দিয়েছিলো। নতুন এই ওপেনসোর্স গেমটার নাম হলো মাইক্রোপলিস। এটা খুব তাড়াতাড়িই জোস্ হয়ে উঠবে মনে হচ্ছে ... ... খেলতে মন চায় কিন্তু সময় পাই না  :-(  :-(
ডাউনলোড পেজ

সিমসিটি ৩০০০ আনলিমিটেড ভার্সানটা লিনাক্সের জন্যও ছেড়েছে বলে দেখলাম ওদের ওয়েবপেজে। ৫০ ডলারের মত দাম পড়বে। এইটা চাইলেও কি দেশ থেকে কেনার কোনো উপায় আছে?





(আমাদের প্রযুক্তি ফোরামে প্রকাশিত)

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০০৯

হলিউড ব্লকবাস্টার সিনেমা তৈরীতে লিনাক্স ব্যবহৃত হয়!

এটা একটা অনুবাদ। মূল রচনা এখানে: http://news.softpedia.com/news/Hollywoo … 5571.shtml

হলিউডের Disney/Pixar, DreamWorks Animation, Sony, ILM এবং অন্য সিনেমা তৈরীকারক স্টুডিও তাদের সিনেমা তৈরীর জন্য লিনাক্স ব্যবহার করছে।  বেশিরভাগ লোকই এই কথাটা না জানলেও বাস্তবে যেই ব্লকবাস্টার ছবিগুলো হলে চলছে সেগুলো সবই লিনাক্স ব্যবহার করে তৈরী করা হয়েছে। হলিউডে উইন্ডোজ বা ম্যাকিনটোশের মত অন্য অপারেটিং সিস্টেমের বদলে লিনাক্স ব্যবহৃত হওয়ার কারণটা খুব সাধারণ: এটা ভালতর, দ্রুতগতির এবং সস্তা।

হলিউডে লিনাক্সকেই আধুনিকতম সিস্টেম ধরা হয়, এবং সোনি, ডিজনি/পিক্সারের মত বড় বাজেটের সিনেমা তৈরীকারক স্টুডিওগুলোর ৯৫%এর ডেস্কটপ এবং সার্ভারে ভিজ্যুয়াল ইফেক্ট এবং এনিমেশন তৈরীর জন্য লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। হ্যাঁ .. হ্যাঁ .. আমি জানি যে আপনাদের অনেকেই বলে উঠবেন - "এটা সত্য নয়", "এটা ঠিক হতে পারে না" কিংবা, "আমি শুনেছিলাম যে ওরা ম্যাক ও.এস. এক্স ব্যবহার করে"; কিন্তু আসলে আমার কথাই সত্য এবং আপনি যেসব CGI-ব্লকবাস্টার সিনেমা দেখেন লিনাক্স দিয়েই ওগুলোর রেন্ডারিং করা হয়, কারণ এটা অন্য অপারেটিং সিস্টেমর চেয়ে তাড়াতাড়ি হয়। (CGI = Computer-Generated Imagery)

উদাহরণ হিসেবে Scooby Doo সিনেমার কথা বলা যায়; এটা Rhythm and Hues স্টুডিওতে তৈরী হয়েছে এবং পুরা সিনেমাটা রেন্ডার এবং উন্নত করা হয়েছে একটা বিশেষ কাস্টম-মেড সফটওয়্যার দ্বারা যা লিনাক্স সিস্টেমে চলে। এছাড়া The Matrix, Titanic, Gladiator, Superman Returns, What Dreams May Come, Cats and Dogs, Shrek, The Perfect Storm, Prince of Egypt, The Road to El Dorado, Antz, Chicken Run, Deep Blue Sea, Star Trek: Insurrection, Fantasia 2000, Men in Black, Hollow Man এবং আরো আরো অনেক সিনেমা লিনাক্স সফটওয়্যার (যেমন: RAYZ, Maya or Shake) ব্যবহার করে তৈরী হয়েছে। আবার ভেবে বসবেন না যে, এই সিনেমাগুলো তৈরীতে ব্যবহৃত সবগুলো সফটওয়্যার বিনামূল্যে পাওয়া গেছে; বরং সবগুলোর দামই ৮০০০ - ১৫০০০ ডলার বা এর চেয়ে বেশি; হলিউডে এটা ব্যাপার না।

আরেকটি উদাহরণ হচ্ছে খুবই জনপ্রিয় Shrek যেটা DreamWorks Studios-এ তৈরী হয়েছে; এটা রেন্ডার করতে ১০০০+ প্রসেসর, ৮০% লিনাক্স ও ২০% IRIX ব্যবহৃত হয়েছে। DreamWorks যেই যেই রেন্ডার টাওয়ার তৈরী করেছিলো তাতে ডুয়াল ১গিগাহার্জ পি৩ ২গিগা ড়্যাম যা বসানো হয়েছিলো একটা 1RU প্যাকেজে ৪১ ইউনিট উচ্চতায়, যা ৪০-৫০ ফুট লম্বা ডেটাসেন্টার ড়্যাক লাগে এমন কম্পিউটারের সমান ক্ষমতাসম্পন্ন। DreamWorks তাদের প্রয়োজন অনুযায়ী নিজস্ব তৈরী সফটওয়্যার যেমন ব্যবহার করেছে, তেমনি বাণিজ্যিকভাবে প্রাপ্ত সফটওয়্যারও ব্যবহার করেছে। তাদের নিজস্ব তৈরী সফটওয়্যারগুলো SGI IRIX অপারেটিং সিস্টেমের জন্য তৈরী; আর এটা থেকে তৈরী অ্যাপ্লিকেশনগুলোর উইন্ডোজ বা ম্যাকের চেয়ে লিনাক্সের সাথে সাদৃশ্য বেশি।
http://news.softpedia.com/images/news2/Hollywood-Loves-Linux-3.png
উপরের ছবিতে DreamWorks স্টুডিওর লিনাক্স রেন্ডার টাওয়ার দেখা যাচ্ছে।

সোমবার, ৭ ডিসেম্বর, ২০০৯

হীনমন্যতার জুজুবুড়ি

(সচলায়তনে প্রকাশিত)

অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলছে। মাত্র দুই/তিনদিন আগে একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার বললেন যে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট না খেলাই ভালো। অথচ ওয়েস্ট ইন্ডিজ টেস্টে দারুন লড়ছে ... বলা যায় না হয়তো হার এড়াতে লড়তে হবে অস্ট্রেলিয়াকেই ...। অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড হল ক্রিকেটে সবচেয়ে প্রফেশনাল এবং হারামি দল, সাথে সাউথ আফ্রিকাকেও যোগ করা যায়। কোনো দেশ ওদের সাথে খেলতে যাওয়ার আগেই মিডিয়াতে বিভিন্ন অকথা, কুকথা বলে আলোড়ন তোলা হয় ... অমুক প্লেয়ারকে ঠেকানোর কৌশল আবিষ্কার করেছি, ওরা তো খেলাই পারেনা ইত্যাদি। এছাড়া বোলিং এ্যাকশন নিয়ে বিভিন্ন সময়ে উঠতি ভালো বোলারদেরকে হেনস্থা করতে এদের জুড়ি মেলা ভার ... ...।

ভদ্রলোকের খেলা ক্রিকেটে নোংরা কথা বলা কিন্তু প্রফেশনালিজম। স্লেজিং-ও এরকম একটা টেকনিক। ওগুলো বলে তাদের নিজেদের সরাসরি কোনো লাভ না হলেও প্রতিপক্ষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ ওদের উদ্দেশ্য থাকে প্রতিপক্ষের মনে একটা খুঁতখুঁত বা সন্দেহ ঢুকিয়ে দিয়ে মানসিকভাবে একটু দূর্বল করে দেয়া যেন খেলার সময় ওরা ওদের স্বাভাবিক নৈপূন্য দেখাতে না পারে। এই ধরণের মনের খেলা মোকাবেলা করার জন্য আবার প্রতি দলেই সাইকোথেরাপিস্ট রাখা হয়।

সোজা সাপ্টা কথায়, কাউকে কাবু করতে চাইলে সেটা মনকে কাবু করা দিয়ে শুরু করতে হয়। খেয়াল করে দেখুন: ধার্মীক লোকজনের সামনে আমরা মাথা নিচু করে কথা বলি, দ্বীনের দাওয়াত দিতে আসলে অনিচ্ছা থাকলেও তাদের মুখের উপর না বলতে পারি না ... মাথা নিচু করে পালানোর চেষ্টায় থাকি। কারণ ছোটবেলা থেকেই কৌশলে মনে মধ্যে গেঁথে দেয়া হয়েছে যে ধর্মের রীতিনীতিগুলো পালন করা ভালো, না করা খারাপ/পাপ ... কাজেই পাপবোধটা মনকে হীনমন্য করে তোলে। আর এই হীনমন্যতার সুযোগ নিয়ে কত অযোগ্য বদমাইশ লোক আমাদের উপর কর্তৃত্ব করে বা করার চেষ্টায় রত থাকে।

এই ব্যাপারটা শোষক শ্রেণীর লোকজন সবচেয়ে ভালো বুঝে এবং নিজেদের স্বার্থে ব্যবহার করে। তাই শোষিতদেরকে ভালো শিক্ষা/সংস্কৃতি চর্চা থেকে বিরত রাখতে তাদের চেষ্টার ত্রুটি হয় না ... কারণ শিক্ষা আর সংস্কৃতির চর্চা মানুষের মনকে উৎফুল্ল করে, তাদেরকে একতাবদ্ধ করে, তাঁদের নিজেদের সম্পর্কে গর্ব করতে শেখায়। মানসিকভাবে উঁচু থাকলে তাঁর উপরে সহজে অন্যায় চাপিয়ে দেয়া যায় না, শোষন করা কষ্টকর হয়ে যায়। এজন্যই দেখা যায় সৎ অফিসার চোখ না নামিয়ে উঁচুপদের ঘুষখোর অফিসারের সাথে কথা বলতে পারেন, আর উপরের লেভেলে থাকা অসৎ বা হীনমন্যতায় ভোগা লোকটি সেটার মুখোমুখি হতে পারে না বলে বিভিন্ন কৌশলের আশ্রয় নেয়ার চেষ্টায় রত থাকে। আবার আগের সময়ে দেখা যেত, শোষক জমিদার প্রজাদের লেখাপড়া শেখার সুযোগ তৈরী করতে বড়ই অনাগ্রহী, বরং তাঁদেরকে অশিক্ষিত এবং আত্মমর্যাদাহীন করতে খুবই আগ্রহী। কোনো সৎ লোককে কাবু করতে চাইলে তাঁর উপর বিভিন্ন রকম অপবাদ চাপিয়ে দিয়ে তাকে হীনমন্যতায় ফেলার চেষ্টা করা হয়। একজনকে কাবু করার মত কোনো কিছু না পেলে তাঁর আশেপাশের আপনজনকে অপমান করার চেষ্টায় থাকে .... তোর ভাই তো আলকাতরার মত কালো, তোর অমুক তো আগে ডাকাত ছিলো ... ইত্যাদি অপবাদ দিয়ে হীনমন্যতা ঢুকানোর প্রানান্ত চেষ্টা চলতে থাকে। আবার এ-ও দেখা যায় অভাব অনটনের অমানুষিক কষ্ট হাসিমুখে সহ্য করলেও অপমান সহ্য করতে না পেরে অনেকে জীবন বিসর্জন দেয়।

হীনমন্য লোকগুলো শুভ্র সত্যবাহীদের সামনে চোখ তুলে তাকাতে পারে না, তাই পেছন থেকে কামড়ানোর জন্য কুটচাল চালতে থাকে। একই গোত্রের হীনমন্য আরো কাউকে পেলে আঁকড়ে ধরে দলে ভারী হওয়ার চেষ্টায় থাকে; নিজেরা নিজেদেরকে শান্তনা দেয়ার চেষ্টা করে ... ঠিক যেন অন্ধকারে ভয় পেলে যেমন আমরা ভয় তাড়ানোর জন্য অদরকারী কথাবার্তাও খুব জোরে জোরে বলি; অথবা, নার্ভাস হলে অতিরিক্ত হাসি বা ফুর্তি দেখানোর চেষ্টা করি; কিংবা, কাকের মত খড়ের গাঁদায় মাথা ঢুকিয়ে ভাবি আমাকে কেউ দেখছে না ... ... ... কিন্তু ভয়ের জড়তা কি আর কাটে!

কাজেই হীনমন্যতার ব্যাপারটি মোটেও অগ্রাহ্য করার নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এটা মানুষকে ভীষনভাবে আক্রান্ত করে - তাই যেন কোনোভাবেই নিজের অজান্তে হীনমন্যতায় ভুগতে হয় এমন পরিস্থিতির শিকার না হই সে বিষয়ে সচেতন থাকতে হবে। বিভিন্ন বিষয়ের কারণে মনের গভীরে এই ক্ষতিকর হীনমন্যতা জটা পাকিয়ে আছে। চেষ্টা করি সেগুলোকে মূলসহ উপড়ে ফেলে সামনের দিকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে। এইরকম একটা সুযোগ পেয়েছি ওপেনসোর্স সফটওয়্যারের কল্যানে; পাইরেটেড সফটওয়্যার ব্যবহারে মনের গভীরে একটা গ্লানি ও হীনমন্যতা কাজ করতো ... এইটা থেকে বের হওয়ার উপায় পাওয়া মাত্র তাই লুফে নেই ... হাসি মুখে সংশ্লিষ্ট কিছু অসুবিধা মেনে নিয়েও।

চমৎকার বিকল্প থাকা সত্বেও আমরা কি জেনেশুনে পাইরেসী করেই যাবো (এবং মাথা নিচু করে চলবো) নাকি মুক্ত সফটওয়্যার ব্যবহার করবো - এই সিদ্ধান্ত নেওয়ার ভারটা নিজেকেই নিতে হবে।