মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০০৮

কেন লিখি?

ফোঁড়া কাটা সেই নাপিতের গল্পটা জানেন তো? ঐ যে, ডাক্তারদের ভাত মারতে বসেছিল ফসা ফস্ ফোঁড়া কেটে কেটে। তারপর শলাপরামর্শ করে নাপিতকে ডাক্তারিবিদ্যা শিখিয়ে দিল। কোথায় কোন শিরা, ধমনী; ভুলে কেটে গেলে বা ইনফেকশন হলে কী বিপদ হতে পারে জেনে এরপর তো নাপিত আর ক্ষুর দিয়ে ফোঁড়া কাটতে পারে না। এতে ডাক্তারদের আয় আবার স্থিতিশীল হওয়া ছাড়াও অনেকগুলি নিরাপরাধ ফোঁড়ার রোগী যে বিপদের আশংকা থেকে রক্ষা পেয়েছিল এটা নিশ্চয়ই বলার অবকাশ রাখে না।

দুইদিনের সন্যাসী ভাতকে অন্ন বললে সেটা মানুষ বাঁকা চোখে দেখবেই। কিন্তু কী করবো বলেন, ৪ বছর জাপানে থেকে আর সিঙ্গাপুর, ব্যাংকক, য্যুরিখ ইত্যাদি কিছুটা বেড়িয়ে এসে অনেক কিছুতেই গায়ে আগুন ধরানো জ্বালা হয়।

আমার হাতের ময়লা পকেটে ঢুকে যায় ডাস্টবিনের অপেক্ষায় আর পাশের এসি গাড়ির কাঁচ একটু নামিয়ে রাস্তাতে আইসক্রিমের কাগজ ফেলে -- কাঁহাতক ভাল লাগে?

রাস্তায় জ্যাম, ৪-ফেজের ট্রাফিক সিগনালেও ডানে মোড় নিতে পারে না রাস্তায় মানুষের জন্য। একদিন দাঁড়িয়ে দেখলাম ... ...... পথচারী পারাপারের জন্য একটা সময় সবুজ বাতিও আছে জেব্রাক্রসিং বরাবর। কিন্তু সবাই ব্যস্ত ... অত বাতি দেখার দরকার কী! ইচ্ছামত পার হবে। তাই যদি হয়, তাহলে শুধু শুধুই পথচারীদের জন্য বাতি লাগিয়েছে।

ইতর জ্যাম লাগে সবাই আগে যেতে চায় বলে, আর কেউই যেতে পারে না। তিন বা চারদিক থেকে সবাই একসাথে এগিয়ে এসে পেজগী লাগিয়ে দেয় .. ফলে কেউই যেতে পারে না। অথচ .. ধারাবাহিকভাবে সুশৃঙ্খল ভাবে গেলে হয়তো ১০ মিনিটের মধ্যে তাঁর যাওয়ার সুযোগ আসতো ... এখন ১ ঘন্টা বসে থাকো।

ট্রাফিক নিয়মগুলোতো শুধু বই ছাপানো আর লাইসেন্স পরীক্ষা নেয়ার জন্য বানানো হয়নি। ওগুলো মেনে চললেই অনেক চমৎকার চলা যায়। বিশ্বাস করেন না .... তবে শুনুন, মাঝে মাঝেই ঈদের আগে ট্রাফিক নিয়ন্ত্রনের জন্য বি.ডি.আর নামে রাস্তায় ... তখন একই রাস্তা দিয়ে একই সংখ্যক গাড়ী, জ্যাম ছাড়াই কি সুন্দর চলে; ফলে বোঝা যায় যে রাস্তা কম বা ইত্যাদি অভিযোগ ধোপে টেকে না।

আরো বলবো .... নাহ্ থাক .... ..... দেখছেনই তো সব চারিদিকে।

যা হোক, দেশ ছেড়ে অন্য কোথাও থাকতে ভাল লাগে না। আবার, ওসব দেশের পরিবেশ প্রচন্ড ভাবে আকর্ষন করে। তাই সবাই যখন ভাবে - "আহা .. কবে ঐ দেশে যেতে পারবো, ঐ দেশের পাসপোর্ট হাতে পাবো", তখন আমার মাথায় ঘোরে - "আহা কবে ঐ দেশের মত সুন্দর দেশে পরিবর্তীত করতে পারবো, কবে অমন সুন্দর সভ্য হব।"

উপায় কী? ------ একটাই উপায় .... ... নাপিতকে ডাক্তারী শিখাতে হবে। সুতরাং যা জানি, ঝেড়ে ফেলি, লিখে ফেলি। দেখি নিরপরাধ দেশটাকে ইনফেকশন থেকে বাঁচানো যায় কি না।

এজন্য কলম দিয়ে (পড়ুন কীবোর্ড থেকে) সাহিত্য বের হয় না (ঐ পদের এন্টেনা বিল্ট-ইন নাই, ইনস্টলও করা হয় নাই) ... বের হয় নিরস সব পোস্ট। তবুও নাপিতে একটু ডাক্তারি শিখুক।


(সচলায়তনে প্রকাশিত)

শনিবার, ২৬ এপ্রিল, ২০০৮

CNG ভাড়া কতটা বাড়বে

সি.এন.জি. গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে। কিন্তু নতুন ভাড়ার তালিকা আসে নি। কাজেই এই সুযোগে ট্যাক্সিচালকগণ ভাড়া নিয়ে হাইকোর্ট দেখাতে পারে। তাই একটু ছোট্ট হিসাব করে দেখি, এই অবস্থায় ভাড়া কতটুকু বেশি দেয়া/চাওয়া যুক্তিসম্মত।

----
একজন সি.এন.জি. চালকের দিনের মোট আয় কত হতে পারে?
আমার ধারণা সেটা ১২০০ টাকার বেশি না।

আর খরচ:

  • সি.এন.জি. মালিক = ৭৫০ টাকা।
  • নিজের লাভ = ২০০ টাকা
  • খাওয়া ও ট্রাফিকপুলিশ = ১৫০টাকা
  • গ্যাস খরচ = ১০০ টাকা (সম্ভবত এটা ওভার এস্টিমেট)

কাজেই এখন শুধু খরচ বাড়ছে গ্যাসের ১০০ --> ২০০টাকা।

সুতরাং বাকী সবকিছু স্বাভাবিক রাখতে তার আয় করতে হবে ১৩০০টাকা।

এখন এই অতিরিক্ত ১০০ টাকা উপার্জনের জন্য প্রতি কি.মি-এ ভাড়া কত বাড়বে জানতে হলে, প্রতিদিন সে কত কি.মি. চলে সেটা বের করতে হবে।

(ঐকিক নিয়ম জিন্দাবাদ)
আগে ৫.৫০ টাকায় আয় করতে চলতো ১ কি.মি.
সুতরাং ১২০০ টাকা আয় করতে চলতো = ১২০০/৫.৫ = ২১৮.২ কি.মি।

ফালতু ড্রাইভিং সহ সেটা হয়তো ২৫০ কি.মি.।

যা হোক এখন যাত্রী নিয়ে সেই ২১৮ কি.মি চালিয়ে অতিরিক্ত ১০০ টাকা উঠাতে হলে, প্রতি কি.মি.-এ ৫০ পয়সা করে বেশি নিলেই সেটা যথেষ্ট (১০৯ টাকা)।

সুতরাং, ভাড়া বাড়লে কি.মি. প্রতি ৫.৫০টাকা থেকে বেড়ে ৬.০০টাকা হলেই যথেষ্ট।

হিসাব তো বুঝলাম। ... কিন্তু তারপর .... .... ?

========================

সিরিয়াসলি ভাবছিলাম যে নিজের ব্যবহারের জন্য সি.এন.জি. ত্রিচক্রযান কিনবো কি না। ততোধিক সিরিয়াসলি ভাবে পরিচিত সকলেই উড়িয়ে দিল আইডিয়াটা।

অথচ, এটা মাইলেজের হিসেবে বেশ সাশ্রয়ী, মোটরসাইকেলের মত দুষ্ট না, চুরি যাওয়ার মত তেমন কোন অংশ নাই (যেই ভয়ে অন্য গাড়ি নিজে চালানোর জন্য কেনার কথা মাথা থেকে আউট করে দিয়েছি)। সামান্য একটু কেরামতি করলেই বডির ওজনটা হালকা রেখেই ঝড় বৃষ্টির ছাট থেকে রক্ষা পাওয়ার মত করা যাবে। গরীবের আবার এসি'র কি দরকার।

আইডিয়াটা ছিল অনেকটা Twike কিংবা CityEI এর মত। কিন্তু সকলে আমার চেয়ে তথা ইউরোপীয়দের চেয়ে বেশি বোঝে ... ... কী আর করা।

ইদানিং দেখি রাস্তায় ইলেক্ট্রিক রিকশা চলছে ... ...

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০০৮

সি.এন.জি.র মূল্যবৃদ্ধি, সাবওয়ের পরিকল্পনা ... ধোঁয়া ওড়া মাথার চান্দি

সরকার সি.এন.জি.'র দাম বাড়িয়েছে আজ থেকে। কারো জানা না থাকলে আজকের কোন দৈনিকে চোখ বুলালেই বিস্তারিত জানবেন। আমার তো সরকারী বাহন নাই, তাই ভাড়া গাড়িতেই যাতায়ত করি ..

কী হবে:

আমার বাসা (ধানমন্ডি ল্যাব এইডের পেছনে সেন্ট্রাল রোড) থেকে অফিস (গুলশান ২, অ্যারোমা'র পাশে) যেতে সবুজ সি.এন.জি.তে মিটারে সাধারণত ৬০-৭০ টাকা উঠতো। বেশি ভীড় থাকলে ৯০ টাকা পর্যন্তও উঠেছে। মিশুকওয়ালারা সবসময়ই ৮০-১০০ টাকা ভাড়া চাইতো ... মিটার -- আবার জিগায়। তাই সাশ্রয় এবং আরামের জন্য সবুজ সি.এন.জি কিংবা কালো/নীল ক্যাবে যাতায়ত করতাম।

এখন মনে হচ্ছে আবার মিশুকে যাওয়ার চেষ্টা করতে হবে। তা' নাহলে বাস। একান্তই নিরূপায় হলে শয়তানের দ্বিচক্রযান। চোর-ছ্যাচ্চোড়ের স্বর্গভূমি ঢাকাতে চার চাকার জিনিষ কেনার এবং চালানোর যোগ্যতা এখনও হয় নাই।

সাবওয়ে .. হেঃ হেঃ

পৃথিবীতে আধুনিক কোন শহর ট্রেন/ট্রাম, সাবওয়ে বা স্কাইট্রেন ছাড়া আছে বলে আমার মনে হয় না। এগুলো কেউ শখ করে বানায়নি। যানজট কমাতে এবং খরচের দিক দিয়ে সবচেয়ে কার্যকর পন্থা বলেই প্রারম্ভিক বিশাল খরচ বহন করে এগুলো বানানো হয়। আমাদেরও যানজটক্লিষ্ট ঢাকা শহরেও mass public transport অর্থাৎ ট্রেন দরকার। আমাদের সরকার এদিকে এ্যাতদিন নজর দেয়নি মূলত দুটো কারণে।

  • শর্ষেতে ভুত আছে। সরকারি অনেক আমলা ও নির্বাচিত প্রতিনিধিদের বাস/ট্রাক/সি.এন.জি/টেম্পু/লেগুনা ইত্যাদির ব্যাবসা রমরমা থাকবে না। কাজেই জনগন জাহান্নামে যাউক অসুবিধা নাই ... ব্যাবসা বলে কথা। (রেলওয়েতে ক্যাডারভুক্ত কর্মকর্তা নিজেই বলেছে এই কথা ... অবশ্য সেটা আন্তনগর লাইনে মালগাড়ি চালানোর প্রসঙ্গে: প্রতিটি কার্গো ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা আসলে নেট লাভ হয় আড়াই লক্ষ টাকা। তাই সেটা বন্ধ করে শুধুমাত্র লাভহীন যাত্রীসেবা দিচ্ছে ... ট্রাক ব্যাবসাতো আর লাটে উঠতে দেয়া যায় না)
  • মাথামোটা এবং নির্বোধ কিছু গর্ধব সিদ্ধান্ত নেয়ার জায়গায় শিকড় গেড়ে বসেছে। বিশেষজ্ঞরা হাজার মাথা কুটলেও সহজ সমাধান ওদের মাথায় ঢুকবে না। আর ঢুকলেও পরবর্তী কার্যক্রম চালানোর দক্ষতা এবং আত্মবিশ্বাস নাই ... শুধু শুধু আবার মানুষের হাস্যষ্পদ হওয়ার চেয়ে যা আছে তাই ভাল।
ইদানিং পত্রিকায় দেখলাম সরকার বলেছে যে, ঢাকা শহরে যানজট কমানোর জন্য পরিকল্পনা আছে ট্রেনের তবে সেটা মাটির তলা দিয়ে হবে। খবরটা পড়ে আমার ক্ষুদ্র অনভিজ্ঞ মস্তিষ্কে খটাশ করে একটা পোকা কামড় দিল ... সরকারের কি উচ্চতাভীতি আছে যে স্কাইট্রেন না করে মাটির তলার সাবওয়ে পছন্দ?!

স্কাইট্রেন না হয়ে সাবওয়ে হলে কী হবে ...
  • যতদুর জানি টানেল-কাটার বলে যন্ত্র দেশের নির্মান শিল্পের ঠিকাদারদের কাছে অজানা বস্তু। সুতরাং আবার চলবে খুড়াখুড়ি। আগামী ১০ বছরের জন্য খানাখন্দকের কাঁদা-ধুলোয় চলার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে জনগণকে।
  • বন্যাপ্রবণ এলাকায় মাঝে মাঝেই লঞ্চডুবির মত বানের পানিতে ডুবে ট্রেনযাত্রীদের প্রাণ যাবে .... এটা অসম্ভব কিছু না।
  • যেহেতু স্কাইট্রেনের চেয়ে সাবওয়েতে খরচ বেশি কাজেই কর্তাব্যক্তিদের পকেটে লাভের ভাগ বাড়বে।
  • বিদ্যূৎ সংকটের কারণে মাঝে মাঝেই কবরে থাকার অনুভুতি হবে। ভুয়া মোল্লাদের দাপট বাড়ার একটা সম্ভাবনা আছে।
স্কাইট্রেনকে কেন সাবওয়ের চেয়ে পছন্দনীয় মনে হয়:
  • আগেই বলেছি, স্কাইট্রেনের অবকাঠামোগত খরচ সাবওয়ের চেয়ে যথেষ্ট কম।
  • স্কাইট্রেনের কাঠামোতে কিছুটা বিদ্যূৎ কম খরচ হবে। কারণ দিনের বেলায় বাইরের আলো স্টেশনগুলোকে আলোকিত করে রাখবে অনেকাংশে।
  • স্কাইট্রেন করার জন্য অবকাঠামো প্রযুক্তি দেশের নির্মাণশিল্পের আয়ত্বে। যেখানে নদীর পানির মধ্যে ব্রীজ করে, সেখানে শুকনার উপরে উচু অবকাঠামো করা কি অদেখা টানেল-প্রযুক্তির চেয়ে অধিকতর কঠিন মনে হয়?
আসল কারণ সম্ভবত, অবাস্তব ও বেকুবি সিদ্ধান্ত নিয়ে জনগণকে প্যাঁচে ফেলা যেন, সেই জনদরদী দেশনেতা ও আমলা মালিকানাধীন পরিবহন বাণিজ্য বাঁধাগ্রস্থ না হয়।

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০০৮

নববর্ষে নন্দন পার্কে ধরা খাওয়া

আজ ২রা বৈশাখ ১৪১৫। (১৫ই এপ্রিল ২০০৮) .... শুভ নববর্ষে আমি আর আমার স্ত্রী পরিকল্পনা করেছিলাম যে ঢাকার অদুরে অবস্থিত নন্দন পার্কে বেড়াতে যাব। গত সপ্তাহের বৃহষ্পতিবারের পত্রিকায় নন্দন পার্কে নববর্ষ উপলক্ষে কী কী জানি সঙ্গিতানুষ্ঠান হবে তার বিজ্ঞাপন দিয়েছিল। বাস কোত্থেকে ছাড়ে সেটাও দেয়া ছিল। ৩১শে চৈত্রের দিন বিজ্ঞাপনের ফোন নম্বরে ফোন করে জানলাম যে নন্দন পার্ক খুলবে সকাল ১০টায়; অনুষ্ঠান শুরু হবে ১২:৩০শে; চলবে রাত ৮:৩০ পর্যন্ত; প্রতি ১০ মিনিট পর পর নন্দন পার্কগামী বাস পাওয়া যায়। ইন্টারনেটে নন্দন পার্কের কোন ওয়েবসাইট খুঁজে পেলাম না, কিন্তু একজনের একটা ব্লগে এটার উপরে সচিত্র বর্ণনাও পেয়ে গেলাম।

যা হোক, বিজ্ঞাপনে দেয়া বাস ছাড়ার ঠিকানাগুলো থেকে বাসার কাছে কলাবাগানটাকেই সবচেয়ে সুবিধাজনক মনে হল। তাই নববর্ষের সকাল ১০টার দিকে রিক্সায় চড়ে বসলাম কলাবাগান যাওয়ার জন্য। ধানমন্ডি ১০নং এর মাথায় নামলেই কলাবাগান বাসস্ট্যান্ড, কিন্তু ভুল করে ধানমন্ডি ৩২ (নতুন ১১) নং-এ চলে গিয়েছিলাম। আজকে সরকারী ছুটি; রাস্তায়, বিশেষ করে ধানমন্ডি লেকের আশে পাশে উৎসবমুখর পরিবেশে, গরমে ক্লান্ত সুবেশী মানুষ গিজগিজ করছে। মিরপুর রোডে আজকে দেখি রিক্সা চলতে দিচ্ছে, তাই মেইন রাস্তা ধরেই আবার কলাবাগান ফেরত আসলাম। বউ তার শাড়ী সামলাতে হিমসিম খাচ্ছে, তারপরও ওভারব্রীজ দিয়ে রাস্তা পার হয়ে বাস কাউন্টারগুলোর দিকে গেলাম। ওখানে একটু জিজ্ঞেস করতেই জানলাম, নন্দনের বাস এখান থেকে ছাড়ে না, আসাদ গেট থেকে ছাড়ে! নন্দনের ফোন নম্বরে ফোন করে সেটা নিশ্চিত হলাম এবং একটা রিক্সা দিয়ে প্রধান সড়ক দিয়েই আসাদ গেট আসলাম।

ভেবেছিলাম হানিফ নামক বাসে যাব। কিন্তু সুপার সার্ভিস নামক বাস আগে আসাতে ওটারই টিকিট কেটে উঠলাম (৩০টাকা/প্রতিজন)। বাসে ভীষন ভীড় ছিল; ভীড়ে কোনমতে বউ দাড়ালো, আমি ওর পাশেই বাসের সিড়িতে। সম্ভবত শ্যামলী পর্যন্ত আসার পর পাশে বসা একজন যাত্রী নামাতে ওখানে ও বসল, আমি পাশে দাঁড়িয়ে সাভার পর্যন্ত। সাভার থেকে ওর পাশেই বসার জায়গা পেলাম, কিন্তু ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় যানজটের কারণে আটকে ছিলাম বেশ কিছুক্ষণ। এর পর সামনের সিটে বসা মহিলা যাত্রী জানালা দিয়ে বমি করলেন, কিছু অংশ হয়ত উড়ে এসে আমাদের গায়েও পড়ল নাকি! পেছনের বাচ্চা তার আগে বাসের ভেতরে হাটার জায়গাতেই বমি করেছে। যা হোক, অবশেষে দুপুর ১২টার দিকে নন্দন পার্কে পৌঁছালাম।

পার্কিংএর জায়গাটা ধুলি ধুসরিত ... বিভিন্ন প্রকার গাড়ি প্রবেশ করাতে আমাদের ধুলার গোসল (মুরগী যেভাবে বালু ছিটিয়ে করে) হয়ে গেল একদফা। টিকেট কাউন্টারে দারুন ভীড়। সারিবদ্ধভাবে টিকিট কিনতে দাঁড়িয়ে পরলাম। কিছু ভদ্রবেশী লোক লাইন ছাড়াই পাশ থেকে টিকিট কেনার জন্য কাউন্টারের দিকে বিরক্তিকর ভাবে হাত ঢুকিয়ে দিচ্ছে। যা হোক কোন রকম গুতাগুতি ছাড়াই প্রায় কাউন্টারের কাছে পৌছে গেলাম ... আমার সামনে মাত্র একজন লোক, পেছনে অনেক - এমন সময়ে টিকিট বিক্রয়কারী কর্মী সবগুটিয়ে চলে গেলেন - কাস্টমার কেয়ারের প্রথম নমুনা পেলাম। যা হোক পাশের লাইনের কাউন্টারে তখন আমরাও অভদ্রের মত হাত বাড়িয়ে ঐ লাইনের অন্যদেরকে দূঃখপ্রকাশ করে ব্যাপারটা ব্যাখ্যা করে টিকেট নিলাম।

টিকেটের তিন রকম (সম্ভবত) অপশন ছিল। ২৫০ টাকায় ওয়াটার ওয়র্ল্ড ও ড্রাই পার্কসহ সব রাইড সহ প্রবেশ। ১৫০ টাকায় ড্রাই পার্কের সব রাইড সহ প্রবেশ। ৯০ টাকায় শুধু প্রবেশ। আমাদের মধ্যে পানিতে নামার কোন ইচ্ছা ছিল না; ইচ্ছা একটু ঘোরাঘুরি করা আর গানের প্রোগ্রাম দেখা, তাছাড়া রাইডগুলোর টিকিট যেহেতু ভেতরেও পাওয়া যায় তাই শুধু প্রবেশ নিলাম।

ঢুকেই আশা করেছিলাম যে একটা ম্যাপ পাব যেখানে বিভিন্ন রাইডের অবস্থান দেখানো থাকবে। মীরপুরের চিড়িয়াখানায় ওরকম আছে; জাপানে ডিজনিল্যান্ড, ডিজনিসী, ইউনিভার্সাল স্টুডিও - এসব জায়গাতেও ছিল। এমনকি ছোটখাট পর্যটনের জায়গাতেও টিকিটের সাথে মানচিত্র ও তথ্যবহুল কাগজ দেয়। সামনে বামদিকে চমৎকার ফোয়ারা দেখা যাচ্ছে, ডানদিকে প্যাডেল নৌকা আর রোপওয়ে দেখা যাচ্ছে ... আমরা ভাবলাম, প্রথমে খেয়ে নেই তারপর ভরাপেটে ঘোরাঘুরি করতে ভাল লাগবে, গানের অনুষ্ঠান দেখতেও ভাল লাগবে।

ডানদিকে একটা খাবারের স্টল দেখে এগিয়ে গেলাম। বাইরের খাবার/পানীয় আনা নিষেধ, কাজেই খেতে চাইলে দর্শনার্থীরা এখানে খাবার কিনতে বাধ্য। যা হোক, খাবার আনতে দিলে আমরা আবার সভ্যতার ধার না ধেরে এখানে পিকনিক করতে বসে যেতে পারি ... কাজেই নিয়ম ঠিকই আছে। খাবারের স্টল থেকেও লাইন ধরে কিনতে হচ্ছে, সবাইকে মূল্য পরিশোধের রিসিট দিচ্ছে। কিন্তু মেনুতে লেখা পছন্দের খাবারটা এখানে নাই, তাই ভাবলাম অন্যদিকের খাদ্যের দোকানে দেখি। অনিশ্চিতভাবে একদিকে হাঁটা শুরু করলাম।

মাথার উপরে বৈশাখের প্রথম সূর্য অকৃপনভাবে নিজের শক্তিমত্তা প্রকাশ করছে। গাছপালার আড়ালে দাড়ানো একজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করে জানলাম অন্যদিকে আরও খাবারের স্টল আছে। পানির পাশ দিয়ে হেঁটে অন্যপাশে আসতেই গরমে হাসফাস অবস্থা ... ওদিকে স্টেজে কারা যেন গান করছে ... ঘোষনা দিল যে জনপ্রিয় বাউল শিল্পী অমুক, কিন্তু আমি নিশ্চিত জীবনে এঁর নাম শুনিনি। এইপাশে ওয়াটার ওয়র্ল্ডের জন্য দেখি আলাদা বাউন্ডারী, আমাদের ঢুকতে হলে আবার ১৫০ টাকা দিয়ে টিকেট কিনতে হবে। ৯০ টাকার প্রবেশ অর্থ যে রাইডে চড়া ছাড়া সেটা জানতাম, কিন্তু ওয়াটার ওয়র্ল্ডে তো প্রবেশ করা যায় না - রাইড পরের ব্যাপার। যা হোক, সম্ভবত ঐ টিকিট কেনার পর ভেতরের সব রাইড ফ্রী এবং কোন টিকিট চেক হয় না .. .. তাই এই অবস্থা। গরমে, ঐদিকের পানির আশেপাশে যেতে খুব ইচ্ছা করছিল ... কিন্তু ওখানে সবাই সাঁতার/পানিতে দাপাদাপির মুডে .... .... তাই আর গেলাম না।

এটার প্রবেশপথের পাশেই একটা খাবারের দোকান, পছন্দের ডিশও পেলাম (খাসী-খিচুড়ী ১১৮ টাকা/প্যাকেট)। ড্রিংকস সহ দুইজন দুটা নিলাম। আশেপাশে তিনটা ছোট টেবল সব দর্শনার্থীরা দখল করে রেখেছে ... ... তাদের কাছে খাবার নাই, শুধুই বসে আছে। এদেরকে সরার কথা বলে লাভ নাই ... ... অত বোধশক্তি থাকলে এখানে বসতই না - জাপানিদের মত ভব্যতাজ্ঞান এখানে আশা করা বোকামী, সেটা পরস্পরকে মনে করিয়ে দিলাম ... ... তারপর বিরক্ত মনে স্টেজের পাশে একটা গাছের তলায় ঘাস-মাটির উপরে বসলাম।

সাউন্ড সিস্টেমে সেই বাউল চায়ের স্টল মার্কা গান করে যাচ্ছে। কিছু দর্শকও সামনে বসে শুনছে। এর মধ্যে ঘামতে ঘামতে আমি খেলাম, বউ খেতে পারল না ... ... বাসের সামনের মহিলার করা বমির কণা নাকি ওর শাড়িতে পড়েছে .. ওটা মনে করে গা ঘিনঘিন করছে, তাই।

আমার খাওয়া শেষ হওয়ার পর বাউল মশায়ও গান শেষ করলেন। চারিদিকে শুধু দলবেধে গিজগিজ করে আসা মানুষের কোলাহল .. .. গান থামাতে বেশ ভাল লাগতে শুরু করল, গরমও একটু কম কম মনে হল। ভাবলাম অন্য দিকটা একটু ঘুরে দেখি। মাঠে ঘাস ছিল কিন্তু পায়েচলা পথটার যেই অংশ পাকা না, সেগুলো লাল ধুলা (ইটের গুড়া) দিয়ে ভরা - হাটলে ধুলা উড়বেই।

একটা রোলার কোস্টারের মত দেখতে তবে কম উঁচা রাইডের পাশ দিয়ে গেটের দিকে আসলাম। ওখানে (গেট দিয়ে ঢুকলে বাম দিকে পড়বে) একটা ঘুরন্ত রাইড আছে .... বড় একটা প্লেটের উপর ৩/৪ সিটের গোল গোল বসার জায়গা ... বড় প্লেটটাও ঘোরে, ওর উপরে বসার জায়গাগুলোও ঘোরে .... কী ভয়ংকর! এর পর আরেকটা গোল রাইড। ছোট একটা ট্রেন/গাড়ি যেটা কেন্দ্রের সাথে দুইটা ধাতব বাহু দিয়ে যুক্ত, আনুমানিক ১০ ফুট ব্যাসার্ধের গোলাকার পথে কয়েক চক্কর দেয়। গাড়ীটায় জোড়া জোড়া করে ৬ জোড়া মানুষ বসতে পারেন .. আর চলার সময় ঘোড়ার মত লাফাতে থাকে। এই রাইডটায় লোকজন দারুন মজা পাচ্ছে মনে হল।

এর পর একটা জায়গায় স্বাভাবিক উঁচুতে তিনটা বাস্কেটবলের রিং লাগনো, নির্দিষ্ট দুর থেকে বাস্কেট করতে হবে - সুযোগ ৩ বার ..... ... লাইন ধরে কমবয়সী ছেলেরা ওটাতে বল ছুড়ছে। ওটা পার হলে ডানদিকে বাচ্চাদের গাড়ী, একটা পাকা জায়গায় কিছুক্ষণ সচল থাকে। আর বামদিকে স্লাইডার। অনেক উঁচু (৫০/৬০ ফুটের বেশিই হবে বোধহয়) থেকে একটা টিউবের ভেলার মত নিয়ে পানিওয়ালা স্লিপার দিয়ে নিচে স্লাইড করে নামে। দুইটা পথ আছে, একটা সোজা আরেকটা একটু প্যাচানো। পুরুষ, মহিলা, বাচ্চারা ওটাতে চড়ছে ... ...

ভাবলাম, উল্টাদিকে অবস্থিত প্যাডেল নৌকা এবং রোপওয়েতে চড়ি গিয়ে। হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, দুইটাতেই বেশ বড় লাইন। বউএর পা ছড়ে গেছে স্যান্ডেল দিয়ে। তাই ফেরৎ চলে যাবে বলল। গেট দিয়ে বের হয়ে আসলাম .. .. এ্যাত দুরে এখানে সম্ভবত আর আসবো না কখনই।

অনেক লোক এসেছিল। কাজেই বাস/ক্যাব/ত্রিচক্রযানের (সি.এন.জি.র) অভাব নাই। গাড়ী পার্কিং পেরিয়ে মেইন রাস্তা পর্যন্ত হেঁটে কালো ক্যাব ঠিক করলাম। দুপুর ২টার সময় ওখান থেকে রাস্তা বেশ ফাকাই পেয়েছিলাম ... গাবতলী ব্রীজ পর্যন্ত মিটারে ২৫৫ টাকা উঠেছিল - সিটি-লিমিটের বাইরের ঐ অংশের ভাড়াটুকু দ্বিগুণ দিয়েছিলাম।

সেন্ট্রাল রোডের বাসায় নামার সময় দুইজনের শরীরই ধুলাবালিতে কিচকিচ করছে বলে আবিষ্কার করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ভ্রমনটাতেই ধরা খাইছি বলে মনে হল।

রবিবার, ২৩ মার্চ, ২০০৮

বিষ্মিত, অভিভূত!

আজ অফিস থেকে ফেরার পথে বাসার কাছের দোকান থেকে চাল এবং চকলেট কিনে বাসায় ফিরলাম। ফেরার কথা ছিল ৬টায়, কিন্তু মিটিং থাকাতে ফিরতে ফিরতে ৮টা বেজেছে। মাথা এবং ঘাড় একটু ব্যাথা করছিল। সম্ভবত বার্ধক্যের দিকে ধাবিত হওয়ার পথে কোন চেক পয়েন্ট পার হয়েছি। গতকালও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। ফলে নির্ধারিত ক্লাস বাতিল করেছিলাম। আজও মনে হয় সেই রকমই কোন অসুস্থতা আঘাত করবে .... ...।

বাসায় এসেই কাপড় পাল্টে গোসল করে শুয়েছি। বউ বলছে রাতের খাবার খেয়ে এই ঝামেলা চুকিয়ে ফেলতে। এমন সময় কেউ একজন কড়া নাড়ল। দেখি দোকানের কর্মচারী ... বলছে আপনি দোকানে সম্ভবত মানিব্যাগ ফেলে এসেছেন। আমিতো অবাক!! ... ... কাপড় পাল্টানোর সময় বের করে রাখা জিনিষপত্র ঘেটে দেখলাম আসলেই তাই ... মানিব্যাগ নাই।

ইতিমধ্যে একটা ফোন আসল। দোকান থেকে এর মালিক সোহাগ ফোন করেছেন (বয়স ৩০এর কমই হবে) ... সম্ভবত মানিব্যাগের ভেতরে আমার ভিজিটিং কার্ড থেকে ফোন নম্বর নিয়ে ফোন করেছে। জানালাম যে, ঠিক .... আপনার কর্মচারীও এসেছেন। এরপর, দোকানে গিয়ে মানিব্যাগ নিয়ে আসলাম। মানিব্যাগে প্রায় আড়াই হাজার টাকা ছিল .... সবই অক্ষত।

আমি সত্যই বিষ্মিত, অভিভূত!!


সচলায়তনে প্রকাশিত