মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০০৮

নববর্ষে নন্দন পার্কে ধরা খাওয়া

আজ ২রা বৈশাখ ১৪১৫। (১৫ই এপ্রিল ২০০৮) .... শুভ নববর্ষে আমি আর আমার স্ত্রী পরিকল্পনা করেছিলাম যে ঢাকার অদুরে অবস্থিত নন্দন পার্কে বেড়াতে যাব। গত সপ্তাহের বৃহষ্পতিবারের পত্রিকায় নন্দন পার্কে নববর্ষ উপলক্ষে কী কী জানি সঙ্গিতানুষ্ঠান হবে তার বিজ্ঞাপন দিয়েছিল। বাস কোত্থেকে ছাড়ে সেটাও দেয়া ছিল। ৩১শে চৈত্রের দিন বিজ্ঞাপনের ফোন নম্বরে ফোন করে জানলাম যে নন্দন পার্ক খুলবে সকাল ১০টায়; অনুষ্ঠান শুরু হবে ১২:৩০শে; চলবে রাত ৮:৩০ পর্যন্ত; প্রতি ১০ মিনিট পর পর নন্দন পার্কগামী বাস পাওয়া যায়। ইন্টারনেটে নন্দন পার্কের কোন ওয়েবসাইট খুঁজে পেলাম না, কিন্তু একজনের একটা ব্লগে এটার উপরে সচিত্র বর্ণনাও পেয়ে গেলাম।

যা হোক, বিজ্ঞাপনে দেয়া বাস ছাড়ার ঠিকানাগুলো থেকে বাসার কাছে কলাবাগানটাকেই সবচেয়ে সুবিধাজনক মনে হল। তাই নববর্ষের সকাল ১০টার দিকে রিক্সায় চড়ে বসলাম কলাবাগান যাওয়ার জন্য। ধানমন্ডি ১০নং এর মাথায় নামলেই কলাবাগান বাসস্ট্যান্ড, কিন্তু ভুল করে ধানমন্ডি ৩২ (নতুন ১১) নং-এ চলে গিয়েছিলাম। আজকে সরকারী ছুটি; রাস্তায়, বিশেষ করে ধানমন্ডি লেকের আশে পাশে উৎসবমুখর পরিবেশে, গরমে ক্লান্ত সুবেশী মানুষ গিজগিজ করছে। মিরপুর রোডে আজকে দেখি রিক্সা চলতে দিচ্ছে, তাই মেইন রাস্তা ধরেই আবার কলাবাগান ফেরত আসলাম। বউ তার শাড়ী সামলাতে হিমসিম খাচ্ছে, তারপরও ওভারব্রীজ দিয়ে রাস্তা পার হয়ে বাস কাউন্টারগুলোর দিকে গেলাম। ওখানে একটু জিজ্ঞেস করতেই জানলাম, নন্দনের বাস এখান থেকে ছাড়ে না, আসাদ গেট থেকে ছাড়ে! নন্দনের ফোন নম্বরে ফোন করে সেটা নিশ্চিত হলাম এবং একটা রিক্সা দিয়ে প্রধান সড়ক দিয়েই আসাদ গেট আসলাম।

ভেবেছিলাম হানিফ নামক বাসে যাব। কিন্তু সুপার সার্ভিস নামক বাস আগে আসাতে ওটারই টিকিট কেটে উঠলাম (৩০টাকা/প্রতিজন)। বাসে ভীষন ভীড় ছিল; ভীড়ে কোনমতে বউ দাড়ালো, আমি ওর পাশেই বাসের সিড়িতে। সম্ভবত শ্যামলী পর্যন্ত আসার পর পাশে বসা একজন যাত্রী নামাতে ওখানে ও বসল, আমি পাশে দাঁড়িয়ে সাভার পর্যন্ত। সাভার থেকে ওর পাশেই বসার জায়গা পেলাম, কিন্তু ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় যানজটের কারণে আটকে ছিলাম বেশ কিছুক্ষণ। এর পর সামনের সিটে বসা মহিলা যাত্রী জানালা দিয়ে বমি করলেন, কিছু অংশ হয়ত উড়ে এসে আমাদের গায়েও পড়ল নাকি! পেছনের বাচ্চা তার আগে বাসের ভেতরে হাটার জায়গাতেই বমি করেছে। যা হোক, অবশেষে দুপুর ১২টার দিকে নন্দন পার্কে পৌঁছালাম।

পার্কিংএর জায়গাটা ধুলি ধুসরিত ... বিভিন্ন প্রকার গাড়ি প্রবেশ করাতে আমাদের ধুলার গোসল (মুরগী যেভাবে বালু ছিটিয়ে করে) হয়ে গেল একদফা। টিকেট কাউন্টারে দারুন ভীড়। সারিবদ্ধভাবে টিকিট কিনতে দাঁড়িয়ে পরলাম। কিছু ভদ্রবেশী লোক লাইন ছাড়াই পাশ থেকে টিকিট কেনার জন্য কাউন্টারের দিকে বিরক্তিকর ভাবে হাত ঢুকিয়ে দিচ্ছে। যা হোক কোন রকম গুতাগুতি ছাড়াই প্রায় কাউন্টারের কাছে পৌছে গেলাম ... আমার সামনে মাত্র একজন লোক, পেছনে অনেক - এমন সময়ে টিকিট বিক্রয়কারী কর্মী সবগুটিয়ে চলে গেলেন - কাস্টমার কেয়ারের প্রথম নমুনা পেলাম। যা হোক পাশের লাইনের কাউন্টারে তখন আমরাও অভদ্রের মত হাত বাড়িয়ে ঐ লাইনের অন্যদেরকে দূঃখপ্রকাশ করে ব্যাপারটা ব্যাখ্যা করে টিকেট নিলাম।

টিকেটের তিন রকম (সম্ভবত) অপশন ছিল। ২৫০ টাকায় ওয়াটার ওয়র্ল্ড ও ড্রাই পার্কসহ সব রাইড সহ প্রবেশ। ১৫০ টাকায় ড্রাই পার্কের সব রাইড সহ প্রবেশ। ৯০ টাকায় শুধু প্রবেশ। আমাদের মধ্যে পানিতে নামার কোন ইচ্ছা ছিল না; ইচ্ছা একটু ঘোরাঘুরি করা আর গানের প্রোগ্রাম দেখা, তাছাড়া রাইডগুলোর টিকিট যেহেতু ভেতরেও পাওয়া যায় তাই শুধু প্রবেশ নিলাম।

ঢুকেই আশা করেছিলাম যে একটা ম্যাপ পাব যেখানে বিভিন্ন রাইডের অবস্থান দেখানো থাকবে। মীরপুরের চিড়িয়াখানায় ওরকম আছে; জাপানে ডিজনিল্যান্ড, ডিজনিসী, ইউনিভার্সাল স্টুডিও - এসব জায়গাতেও ছিল। এমনকি ছোটখাট পর্যটনের জায়গাতেও টিকিটের সাথে মানচিত্র ও তথ্যবহুল কাগজ দেয়। সামনে বামদিকে চমৎকার ফোয়ারা দেখা যাচ্ছে, ডানদিকে প্যাডেল নৌকা আর রোপওয়ে দেখা যাচ্ছে ... আমরা ভাবলাম, প্রথমে খেয়ে নেই তারপর ভরাপেটে ঘোরাঘুরি করতে ভাল লাগবে, গানের অনুষ্ঠান দেখতেও ভাল লাগবে।

ডানদিকে একটা খাবারের স্টল দেখে এগিয়ে গেলাম। বাইরের খাবার/পানীয় আনা নিষেধ, কাজেই খেতে চাইলে দর্শনার্থীরা এখানে খাবার কিনতে বাধ্য। যা হোক, খাবার আনতে দিলে আমরা আবার সভ্যতার ধার না ধেরে এখানে পিকনিক করতে বসে যেতে পারি ... কাজেই নিয়ম ঠিকই আছে। খাবারের স্টল থেকেও লাইন ধরে কিনতে হচ্ছে, সবাইকে মূল্য পরিশোধের রিসিট দিচ্ছে। কিন্তু মেনুতে লেখা পছন্দের খাবারটা এখানে নাই, তাই ভাবলাম অন্যদিকের খাদ্যের দোকানে দেখি। অনিশ্চিতভাবে একদিকে হাঁটা শুরু করলাম।

মাথার উপরে বৈশাখের প্রথম সূর্য অকৃপনভাবে নিজের শক্তিমত্তা প্রকাশ করছে। গাছপালার আড়ালে দাড়ানো একজন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করে জানলাম অন্যদিকে আরও খাবারের স্টল আছে। পানির পাশ দিয়ে হেঁটে অন্যপাশে আসতেই গরমে হাসফাস অবস্থা ... ওদিকে স্টেজে কারা যেন গান করছে ... ঘোষনা দিল যে জনপ্রিয় বাউল শিল্পী অমুক, কিন্তু আমি নিশ্চিত জীবনে এঁর নাম শুনিনি। এইপাশে ওয়াটার ওয়র্ল্ডের জন্য দেখি আলাদা বাউন্ডারী, আমাদের ঢুকতে হলে আবার ১৫০ টাকা দিয়ে টিকেট কিনতে হবে। ৯০ টাকার প্রবেশ অর্থ যে রাইডে চড়া ছাড়া সেটা জানতাম, কিন্তু ওয়াটার ওয়র্ল্ডে তো প্রবেশ করা যায় না - রাইড পরের ব্যাপার। যা হোক, সম্ভবত ঐ টিকিট কেনার পর ভেতরের সব রাইড ফ্রী এবং কোন টিকিট চেক হয় না .. .. তাই এই অবস্থা। গরমে, ঐদিকের পানির আশেপাশে যেতে খুব ইচ্ছা করছিল ... কিন্তু ওখানে সবাই সাঁতার/পানিতে দাপাদাপির মুডে .... .... তাই আর গেলাম না।

এটার প্রবেশপথের পাশেই একটা খাবারের দোকান, পছন্দের ডিশও পেলাম (খাসী-খিচুড়ী ১১৮ টাকা/প্যাকেট)। ড্রিংকস সহ দুইজন দুটা নিলাম। আশেপাশে তিনটা ছোট টেবল সব দর্শনার্থীরা দখল করে রেখেছে ... ... তাদের কাছে খাবার নাই, শুধুই বসে আছে। এদেরকে সরার কথা বলে লাভ নাই ... ... অত বোধশক্তি থাকলে এখানে বসতই না - জাপানিদের মত ভব্যতাজ্ঞান এখানে আশা করা বোকামী, সেটা পরস্পরকে মনে করিয়ে দিলাম ... ... তারপর বিরক্ত মনে স্টেজের পাশে একটা গাছের তলায় ঘাস-মাটির উপরে বসলাম।

সাউন্ড সিস্টেমে সেই বাউল চায়ের স্টল মার্কা গান করে যাচ্ছে। কিছু দর্শকও সামনে বসে শুনছে। এর মধ্যে ঘামতে ঘামতে আমি খেলাম, বউ খেতে পারল না ... ... বাসের সামনের মহিলার করা বমির কণা নাকি ওর শাড়িতে পড়েছে .. ওটা মনে করে গা ঘিনঘিন করছে, তাই।

আমার খাওয়া শেষ হওয়ার পর বাউল মশায়ও গান শেষ করলেন। চারিদিকে শুধু দলবেধে গিজগিজ করে আসা মানুষের কোলাহল .. .. গান থামাতে বেশ ভাল লাগতে শুরু করল, গরমও একটু কম কম মনে হল। ভাবলাম অন্য দিকটা একটু ঘুরে দেখি। মাঠে ঘাস ছিল কিন্তু পায়েচলা পথটার যেই অংশ পাকা না, সেগুলো লাল ধুলা (ইটের গুড়া) দিয়ে ভরা - হাটলে ধুলা উড়বেই।

একটা রোলার কোস্টারের মত দেখতে তবে কম উঁচা রাইডের পাশ দিয়ে গেটের দিকে আসলাম। ওখানে (গেট দিয়ে ঢুকলে বাম দিকে পড়বে) একটা ঘুরন্ত রাইড আছে .... বড় একটা প্লেটের উপর ৩/৪ সিটের গোল গোল বসার জায়গা ... বড় প্লেটটাও ঘোরে, ওর উপরে বসার জায়গাগুলোও ঘোরে .... কী ভয়ংকর! এর পর আরেকটা গোল রাইড। ছোট একটা ট্রেন/গাড়ি যেটা কেন্দ্রের সাথে দুইটা ধাতব বাহু দিয়ে যুক্ত, আনুমানিক ১০ ফুট ব্যাসার্ধের গোলাকার পথে কয়েক চক্কর দেয়। গাড়ীটায় জোড়া জোড়া করে ৬ জোড়া মানুষ বসতে পারেন .. আর চলার সময় ঘোড়ার মত লাফাতে থাকে। এই রাইডটায় লোকজন দারুন মজা পাচ্ছে মনে হল।

এর পর একটা জায়গায় স্বাভাবিক উঁচুতে তিনটা বাস্কেটবলের রিং লাগনো, নির্দিষ্ট দুর থেকে বাস্কেট করতে হবে - সুযোগ ৩ বার ..... ... লাইন ধরে কমবয়সী ছেলেরা ওটাতে বল ছুড়ছে। ওটা পার হলে ডানদিকে বাচ্চাদের গাড়ী, একটা পাকা জায়গায় কিছুক্ষণ সচল থাকে। আর বামদিকে স্লাইডার। অনেক উঁচু (৫০/৬০ ফুটের বেশিই হবে বোধহয়) থেকে একটা টিউবের ভেলার মত নিয়ে পানিওয়ালা স্লিপার দিয়ে নিচে স্লাইড করে নামে। দুইটা পথ আছে, একটা সোজা আরেকটা একটু প্যাচানো। পুরুষ, মহিলা, বাচ্চারা ওটাতে চড়ছে ... ...

ভাবলাম, উল্টাদিকে অবস্থিত প্যাডেল নৌকা এবং রোপওয়েতে চড়ি গিয়ে। হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, দুইটাতেই বেশ বড় লাইন। বউএর পা ছড়ে গেছে স্যান্ডেল দিয়ে। তাই ফেরৎ চলে যাবে বলল। গেট দিয়ে বের হয়ে আসলাম .. .. এ্যাত দুরে এখানে সম্ভবত আর আসবো না কখনই।

অনেক লোক এসেছিল। কাজেই বাস/ক্যাব/ত্রিচক্রযানের (সি.এন.জি.র) অভাব নাই। গাড়ী পার্কিং পেরিয়ে মেইন রাস্তা পর্যন্ত হেঁটে কালো ক্যাব ঠিক করলাম। দুপুর ২টার সময় ওখান থেকে রাস্তা বেশ ফাকাই পেয়েছিলাম ... গাবতলী ব্রীজ পর্যন্ত মিটারে ২৫৫ টাকা উঠেছিল - সিটি-লিমিটের বাইরের ঐ অংশের ভাড়াটুকু দ্বিগুণ দিয়েছিলাম।

সেন্ট্রাল রোডের বাসায় নামার সময় দুইজনের শরীরই ধুলাবালিতে কিচকিচ করছে বলে আবিষ্কার করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত পুরা ভ্রমনটাতেই ধরা খাইছি বলে মনে হল।

রবিবার, ২৩ মার্চ, ২০০৮

বিষ্মিত, অভিভূত!

আজ অফিস থেকে ফেরার পথে বাসার কাছের দোকান থেকে চাল এবং চকলেট কিনে বাসায় ফিরলাম। ফেরার কথা ছিল ৬টায়, কিন্তু মিটিং থাকাতে ফিরতে ফিরতে ৮টা বেজেছে। মাথা এবং ঘাড় একটু ব্যাথা করছিল। সম্ভবত বার্ধক্যের দিকে ধাবিত হওয়ার পথে কোন চেক পয়েন্ট পার হয়েছি। গতকালও হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। ফলে নির্ধারিত ক্লাস বাতিল করেছিলাম। আজও মনে হয় সেই রকমই কোন অসুস্থতা আঘাত করবে .... ...।

বাসায় এসেই কাপড় পাল্টে গোসল করে শুয়েছি। বউ বলছে রাতের খাবার খেয়ে এই ঝামেলা চুকিয়ে ফেলতে। এমন সময় কেউ একজন কড়া নাড়ল। দেখি দোকানের কর্মচারী ... বলছে আপনি দোকানে সম্ভবত মানিব্যাগ ফেলে এসেছেন। আমিতো অবাক!! ... ... কাপড় পাল্টানোর সময় বের করে রাখা জিনিষপত্র ঘেটে দেখলাম আসলেই তাই ... মানিব্যাগ নাই।

ইতিমধ্যে একটা ফোন আসল। দোকান থেকে এর মালিক সোহাগ ফোন করেছেন (বয়স ৩০এর কমই হবে) ... সম্ভবত মানিব্যাগের ভেতরে আমার ভিজিটিং কার্ড থেকে ফোন নম্বর নিয়ে ফোন করেছে। জানালাম যে, ঠিক .... আপনার কর্মচারীও এসেছেন। এরপর, দোকানে গিয়ে মানিব্যাগ নিয়ে আসলাম। মানিব্যাগে প্রায় আড়াই হাজার টাকা ছিল .... সবই অক্ষত।

আমি সত্যই বিষ্মিত, অভিভূত!!


সচলায়তনে প্রকাশিত

ডাক্তারদের থেকে শেখা


আব্বা একবার হার্টের কেরাবেরা অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর কার্ডিওভাসকুলার ডিজিজ-এর সি.সি.ইউতে ভর্তি হলেন (এই যায় যায় অবস্থা)। তখন বিভিন্ন বড়, ছোট, পাতি ... ডাক্তার রাউন্ডে দেখতে আসতো আর বিভিন্ন মন্তব্য করতো। এই সব গুজুর গুজুর শুনে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছিলাম যে সুস্থতার জন্য আব্বাকে অবশ্যই হৃদপিন্ডে পেসমেকার লাগাতে হবে। খোঁজখবর নেয়াও শুরু করেছিলাম কোথায়, কিভাবে, কত খরচ, কতদিন টেকে ইত্যাদি বিষয়। খুবই সীমিত আয় ও সঞ্চয়ের লোক বিধায় আমাদের দুশ্চিন্তাও কম ছিল না। সেই সময়েই (২০০০ সালের দিকে সম্ভবত) পেসমেকারের দাম লাখ টাকায় (২ লক্ষ/ ৫ লক্ষ ...)হিসেব করতে হত যেটা যোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব না হলেও খুবই কঠিন ছিল।

পরবর্তীতে যেই ডাক্তার সাহেবের অধীনে ভর্তি হয়েছিলেন, ওনার পরামর্শমত পরীক্ষা করালাম ঐখানেই (হল্টার মনিটরিং), তারপর সেই ফলাফল ওনার ক্লিনিকে দেখালাম। হাসপাতালেও ডাক্তার স্যারদের দেখা পাওয়া যায় কিন্তু ঐ সময় রোগীর দিকে কতটুকু মনযোগ দিতে পারেন সেই ব্যাপারে সন্দেহ রয়েই যায় মনে। কারণ অনেক রোগী, তার উপর ছাত্রদের গ্যাঞ্জাম সামলে ... রোগীর দিকে মনযোগ দিতে হয়। সরকারী হাসপাতালে রোগী স্থির, ডাক্তারগণ ছোটাছুটির মধ্যে থাকেন ... তাই দেখা পাওয়ার জন্য দৌড়ে খুবই দক্ষতার প্রয়োজন, যেটা রোগীদের পক্ষে সম্ভব নয়; অপরপক্ষে ক্লিনিকে ডাক্তার স্থির, রোগীরা সহজেই খুঁজে পান ওনাদের। তাই ওনার চেম্বারেই গেলাম (ল্যাব এইড)। উনি কিছু ঔষধ লিখে দিয়ে ছেড়ে দিলেন ... বললেন ভাল হয়ে যাবেন। ঐটা শুনেই আব্বা অর্ধেক ভাল হয়ে গেলেন, কারণ পেসমেকারের খরচের চিন্তাটা ওনার বুকে একটা বিরাট দুশ্চিন্তার বোঝার মত হয়ে ছিল। বাকীটুকু সেরে গেল ঔষধ খেয়ে।

একই হাসপাতালের এক ডাক্তার বলল যে পেসমেকার ছাড়া এই রোগী শেষ আর আরেকজন ঐ নামই নিলেন না ... ব্যাপারটা একটু অবাক করার মত - তাই না! একটু অনুসন্ধান আর চিন্তা করে এর কারণ বুঝতে পেরেছিলাম অবশ্য: আব্বা ভর্তি হয়েছিলেন মেডিসিনের ডাক্তার প্রফেসর আব্দুজ্জাহের স্যারের অধীনে। তাই তিনি মেডিসিন দিয়ে রোগ নিরাময় করলেন। বাকী ফুসমন্তর দেয়া পাতি ডাক্তাররা বেশিরভাগই সার্জারীর ডাক্তার (ক্লিনিকের ব্যবসাও মাথায় থাকে) .. তাই সেই তরিকা বাৎলায়।

এই অধ্যায় থেকে একটা শিক্ষা পেয়েছিলাম .... : বেশিরভাগ ক্ষেত্রেই কোন সমস্যা সমাধানের কয়েকটা বিকল্প ব্যবস্থা থাকে। যে শুধু একটাই জানে, সে সেটাকেই পরম সমাধান ধরে নেয়। আসলে পরম সমাধান বলে কিছু নাই। কাজেই চোখের সামনের সমাধান মনমত না হলে বিকল্পটা খুঁজে নিতে হবে। নিরাশ হলে নিজেরই ক্ষতি।


(দয়া করে কেউ আবার মাইন্ড খাইয়েন না)

সচলায়তনে প্রকাশিত

শনিবার, ২২ মার্চ, ২০০৮

মুঠোফোনে ইতরামী প্রসঙ্গে

মোবাইল ফোন ব্যবহার করে ইতরামীর মাত্রা দিনকে দিন বেড়ে যাচ্ছে।

প্রায়ই মাঝরাতে একটা ফোন নম্বর থেকে আমার স্ত্রীর ফোন নাম্বারে ফোন আসে। ফোন যে করে, সে কোন এক জায়গা থেকে নম্বরটা জোগাড় করেছে কিন্তু সে পুরোপুরি নিশ্চিত না যে নাম্বারটা আমার বউএর-ই। কারণ আমার সে কখনই ফোন রিসিভ করে একটা শব্দ করেনি। ঐ এক লোকই যে ফোন করে সেটা নিশ্চিত কারণ ডিস্টার্ব করা নম্বরটা সেভ করে রাখা আছে। ফোনটা ধরে যদি আমি হ্যালো বলি, তাহলেই লাইন কেটে দেয়।

গতকাল রাতে আরেক ফোন থেকে একটা অশ্লীল (এতটাই অশ্লীল যে এখানে দিতে রুচি হচ্ছে না) মেসেজ এসেছে। মেজাজটা এত খারাপ হয়েছে যে বলার না।

কিছু একটা করা দরকার কিন্তু সেটা কী বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার তা হয়ত না। আরো পরিচিত অপরিচিত অনেকেরই হচ্ছে সেটা নিশ্চিত। ইভ টিজিং-এর ফলে আত্মহত্যার ঘটনাও ইদানিং পত্রিকায় আসছে। মোবাইলে ইতরামীর ফলে অত্যাচারীতের প্রতিক্রিয়ার ব্যাপারটাও সেই পর্যায়ে যাক সেটা নিশ্চয়ই কারো কাম্য নয়।

সকল মোবাইল ফোন তো মালিকের নাম সহ রেজিস্ট্রেশন করা হয়েছে। ফোন কম্পানিতে যোগাযোগ করলে কি এ ধরণের ক্রিমিনালদের পরিচয় বের করা যাবে? পরিচয় পেলেই বা কী? আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ঐ ফোনের মেসেজ যথেষ্ট হবে কি? তাছাড়া আইন প্রয়োগের কান্ডারীদের এড়িয়ে চলাই শ্রেয় বলে মনে হয়। কারণ পুলিশ আর উকিল ... দুটোই খুব খরুচে .... .... .... .... ড়্যাবকে বললে কী হবে? উল্টা আমাকেই যে হয়রানী করবে না তার কি কোন নিশ্চয়তা আছে?

সামাজিকভাবে এটা ঠেকানো যায় কি? বহুদিন পূর্বে সামহোয়্যারে পোস্ট করে রাগইমন আপা এমন মোবাইল ইতরামীর অভিযোগ করাতে ওনাকে বুদ্ধি দিয়েছিলাম যে শুধু নম্বরটা এখানে প্রকাশ করে দিন। সদস্য সকলেই ঐ নম্বরে ফোন করে ইতরের শান্তি বিঘ্নিত করবে। কেউ হয়ত পরিচয়ও প্রকাশ করে দিতে পারে। এই পদ্ধতিরও ক্ষতিকর দিক আছে ... ... শুধুমাত্র শত্রুতা করে নিরীহ কোন লোককে হেয় করার জন্যও একই পদ্ধতি প্রয়োগ করতে পারে কেউ - অবশ্যওওও.... মানুষের শুভবোধের উপর আস্থা রাখা যায় - সংখ্যালঘু এবং ছদ্মবেশী বদমাশদের জন্য ভয়ে সিটিয়ে থাকলে তো সমস্যা।

যা হোক আপাতত দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করা যায় কি না দেখি। পরিচয় ফাঁস করে দেই ... ...
আমার স্ত্রীকে রাতে ফোন করত যে ছেলে তার নম্বর .... দিলাম না, যেহেতু আর ডিস্টার্ব করেনি।
গতরাতে অশ্লীল মেসেজ পাঠিয়েছে যে তার নম্বর: 01717 049 983



সচলায়তনে প্রকাশিত

বাসায় আই.পি.এস. নেয়া হল

বউয়ের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছে। এর মধ্যে শুরু হয়েছে লোড শেডিং~X(। আই.পি.এস নিব নিব করে নেয়া হচ্ছিল না অলসতার জন্য। শেষ পর্যন্ত গত পরশু (বৃহস্পতিবার) ফোন করলাম পরিচিত সেই ছেলেটিকে। গতকাল (শুক্রবার) সকালে এসে আই.পি.এস. স্থাপন করে গেল। এর পর আর বিদ্যূতের লোড শেডিং হয়নি .... কাজেই আই.পি.এস. এর সুবিধাটুকুও ভোগ করতে পারিনি।

আই.পি.এস.গুলো পূর্ণ ক্ষমতায় দুই ঘন্টা বিদ্যূৎ সরবরাহ করতে পারে বলে দাবী করে। এক বছরের বিক্রয়োত্তর সেবা (ওয়ারেন্টি) দেয়। বর্তমানে বাজারে রহিম আফরোজের আই.পি.এস.-এর প্রচার ও সুনাম সর্বাধিক। তবে দামের দিক দিয়ে কিছু ক্ষেত্রে লুকাস ব্যাটারীর দাম কিছু ক্ষেত্রে রহিম আফরোজ ব্যাটারীর চেয়ে বেশি।

গত বছর আই.পি.এস. এর দাম আরো ৩/৪ হাজার টাকা করে কম ছিল। এবার ব্যাটারীর দাম বেড়ে গেছে। রহিম আফরোজের আই.পি.এস.-এর দরের চেয়ে ২/৩ হাজার টাকা কম দামে ঐ ছেলেটির সংস্থা আই.পি.এস. স্থাপন করে। গ্রাহকের পছন্দ মত রহিম আফরোজ, লুকাস বা হ্যামকো ব্যাটারী লাগিয়ে দেয়।

এবার ঐ ছেলেটির সরবরাহকৃত আই.পি.এস.-এর মূল্যতালিকা জানিয়ে দেই ... কারো উপকারে লাগতে পারে।

ক্ষমতা ---- দাম
৪০০ ভি.এ. ---- ১৬,৫০০ টাকা।
৬০০ ভি.এ. ---- ২২,০০০ টাকা।
৮০০ ভি.এ. ---- ২৮,০০০ টাকা।
১০০০ ভি.এ. ---- ৩৪,০০০ টাকা।
১৫০০ ভি.এ. ---- ৪০,০০০ টাকা। (লুকাস ব্যাটারী হলে ৪২,০০০ টাকা)
২০০০ ভি.এ. ---- ৬০, ০০০ টাকা। (লুকাস ব্যাটারী হলে ৬২,০০০ টাকা)

(ছেলেটার সাথে যোগাযোগ করতে চাইলে, ফোন করুন: আমিনুল ইসলাম 01554 318 026)